প্রীতি পোদ্দার, কলকাতা: ভাঙড়ে আরাবুল ইসলামের (Arabul Islam) ওপর ভয়ঙ্কর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা-ইট, ভাঙল কাচ (Arabul Islam car attack)। জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি ফেরার পথে ভাঙড়ের (Bhangar) পোলেরহাট থানার উড়িয়াপাড়ায় আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল-সহ বোমা ছোড়া হয়। আর এই খবর প্রকাশ্যে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পোলেরহাট থানার পুলিশ। চরম উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে।
আরাবুল ইসলামের গাড়িতে হামলা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে উড়িয়াপাড়া এবং মিদ্দেপাড়ার মাঝামাঝি এলাকায় একদল যুবক নাকি আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে আচমকা হামলা চালায়। ইট পাটকেলের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ। কোনোরকমে তড়িঘড়ি ওই গাড়ি নিয়ে এলাকা ছাড়েন আরাবুল। এই প্রসঙ্গে তিনি গভীর রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করেছিলেন। যেখানে তাঁর গাড়ির কাঁচ ভাঙার ছবিও তুলে ধরেছিলেন। আরাবুল ইসলাম সরাসরি এই ঘটনার জন্য ISF-কেই টার্গেট করেছে।
ISF-কে কাঠগড়ায় তুললেন আরাবুল
আরাবুল ইসলাম জানান, “আমি বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে আমার গাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমাবাজি করল ISF-এর কিছু দুষ্কৃতীরা। উপরওয়ালার দয়ায় কোনো রকমে প্রাণে বাঁচলাম। ভয় দেখিয়ে মেরে ফেলার চক্রান্ত করে আরাবুল ইসলামকে রোখা যায়নি যাবে না। ISF-এর দুষ্কৃতিদের মনে রাখা দরকার, অস্ত্রের জোরে সাময়িক জয় পাওয়া যায়, কিন্তু মানুষের মন ও সমাজকে জয় করা যায় না।” উল্লেখ্য, ISF থেকে পদত্যাগ করার একদিনের মধ্যেই ভাঙড়ের নেতা আরাবুল ইসলামের উপর হামলার এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে নানা শোরগোল পরে গিয়েছে।
আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য অমৃত ভারত ৩.০ আনছে রেল, থাকবে এসি ও রাজধানীর মতো সুবিধা
ইতিমধ্যেই গাড়ি হামলার ঘটনার নেপথ্যে ঠিক কে বা কারা রয়েছেন, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে পুলিশ। তবে আরাবুল ইসলাম এই বিষয়ে ISF-কে দোষ দিলেও এখনও পর্যন্ত এ বিষয়ে ISF এর কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, এ বছর বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়েছিলেন আরাবুল, যোগ দিয়েছিলেন ISF এ। কিন্তু কয়েক মাস পেরোতে না পেরোতেই এই দলও ছাড়লেন তিনি। গত শুক্রবার আইএসএফ ছাড়ার ঘোষণা নিজেই করেছিলেন আরাবুল।










