বসিরহাটে রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি

Published:

Basirhat

প্রীতি পোদ্দার, কলকাতা: বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগকে ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বসিরহাটে (Basirhat) ফের এক বিজেপির সক্রিয় কর্মীকে গুলি করার অভিযোগ উঠে এল। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, পরে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। একই রাতে পরপর দুই বিজেপি (Bharatiya  Janata Party) কর্মীর আক্রান্তের ঘটনায় ক্ষুব্ধ সকলে।

বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বুধবার রাতে, বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউন পাড়া এলাকায় রোহিত রায় নামের এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে রোহিতকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই তাঁকে গুলি করেছে। হাসপাতালের বিছানায় শুয়েই চাঞ্চল্যকর জবানবন্দি দিলেন আহত।

কী বলছেন আহত রোহিত রায়?

আহত বিজেপি কর্মী রোহিত রায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জানিয়েছেন, “আমরা পাড়ায় বিজেপির ঝান্ডা লাগাচ্ছিলাম। সেই সময় ১০-১২ জনের একটা গ্যাং আমাদের দিকে এগিয়ে আসছিল। আমি পালানোর চেষ্টা করতেই ওরা পিছন থেকে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। এদের মধ্যে বড়, জাইনুল, সন্টু, উজ্জ্বল ও ভোলা ছিল। অভিযুক্তরা তৃণমূল আশ্রিত এবং পরিকল্পিতভাবেই খুন করার চেষ্টা করা হয়েছে।” গোটা ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়, বরং ব্যক্তিগত বিবাদের জেরে এই আক্রমণ।

আরও পড়ুন: কাল মাধ্যমিকের রেজাল্ট, এক ক্লিকেই Indiahood-এ দেখুন ফলাফল

বসিরহাটের এই শুট আউট ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এলাকায় যাতে দুই দলের মধ্যে পুনরায় এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সংঘর্ষ এবং বিবাদ তৈরি না হয় তার জন্য গোডাউন পাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানানো হয়েছে পরিস্থিতি বেগতিক দেখলেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এদিকে, শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। দুষ্কৃতীরা আসলে কারা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

google button