সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন যে প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছিল, অবসান ঘটল সেই জল্পনার। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) হলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই জানালেন এ কথা। ৪ তারিখের পর থেকেই বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে মুখ্যমন্ত্রী হবেন? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য নাকি অন্য কোনও মুখকে মুখ্যমন্ত্রী বানাবে ভারতীয় জনতা পার্টি? সেই জল্পনাতেই এবার সিলমোহর দিয়ে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করল দল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই
প্রসঙ্গত, আগে থেকেই জল্পনা চলছিল যে শুভেন্দু অধিকারীকেই দল সিংহাসনে বসাবে। কারণ, পরপর দু’দুবার রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা রয়েছে তাঁর। আর সেই জল্পনাকেই সিলমোহর দিল ভারতীয় জনতা পার্টি। আগামীকাল রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ করবেন ‘কাথির মেজো ছেলে’ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী।
বিজেপির পরিষদীয় জননেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে এবার বাংলায় এসেছেন অমিত শাহ। এমনকি সহ পর্যবেক্ষক হিসেবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে তাঁরা বৈঠক করেছেন। এমনকি সেখানেই মুখ্যমন্ত্রী কে হবেন বা অন্যান্য মন্ত্রিত্ব পদে কাকে বসানো হবে তা নিয়ে আলোচনা করা হয়। অবশেষে বিকালের দিকে নাম সামনে আনা হয়।
আগামীকাল শনিবার সকাল দশটায় ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং বিধায়করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনিতেই রয়েছেন কলকাতায়। আর আগামীকাল নরেন্দ্র মোদী এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই খবর। পাশাপাশি থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ি সহ দেশের একাধিক শীর্ষস্থানীয় সব নেতারা। এমনকি দেশের ২০টি এনডিএ সরকার নেতৃত্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন বলে খবর।










