‘অনেক কিছু সহ্য করেছি, আর না!’ ২টি সিটে এগিয়ে তৃণমূলকে হুঙ্কার হুমায়ুনের

Published:

Humayun Kabir

সৌভিক মুখার্জী, কলকাতা: সকাল থেকেই টানটান উত্তেজনা। জোরকদমে চলছে রাজ্যের ২৯৩টি আসনের ভোট গণনা (West Bengal Election 2026)। সামগ্রিক যা ট্রেন্ড বলছে তাতে বিজেপি এগিয়ে রয়েছে। তবে এবার নিজের বিধানসভা কেন্দ্রে লিড দিয়ে বিরাট বার্তা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর (Humayun Kabir)। একসময় তৃণমূলের চেনা মুখ ছিলেন তিনি। তবে দল থেকে বিতাড়িত হওয়ার পর নতুন দল করে নওদা ও রেজিনগর দুটি আসন থেকেই বর্তমানে এগিয়ে রয়েছেন তিনি।

কী বলেছেন হুমায়ুন কবীর?

প্রথম রাউন্ডের পর সাক্ষাৎকারে হুমায়ুন কবীর বলেছেন যে, মানুষ আমাদেরকে পছন্দ করছেন। তাই আমাদেরকে অধিকার দিয়েছেন। প্রচারে আমি আভাস পেয়েছিলাম যে আমি জিতব। অনেক বিরোধিতা, অনেক অপপ্রচার সহ্য করেছি। তবে আর নয়। এমনকি তৃণমূল কংগ্রেসকেও হুমকি দিয়েছেন তিনি। তিনি বলেন যে, আমি দুটি বিধানসভা কেন্দ্রে জিতছি। আর ওদিকে শুভেন্দু অধিকারী দুটি বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। মমতা এবার বুঝবে হারের জ্বালা। নওদা এবং রেজিনগর দুটি কেন্দ্রই আমার।

এদিকে হুমায়ুন কবীর আরও বলেন যে, তাঁর দলের বাকি প্রার্থীরা এখনও পর্যন্ত খাতা খুলতে পারেননি। এখনও লড়াই চলছে। দেখা যাক আগামীতে কী হয়। তিনি বলেছেন যে, এখানে লড়াই রয়েছে। রেজিনগরের তৃণমূল প্রার্থী তৃতীয় নম্বরে চলে গিয়েছে। বিজেপির সঙ্গেই চলছে আমার লড়াই। নওদাতে আমি জিতব, এটা আশা করা যায়। চারদিন আগেই তৃণমূল কংগ্রেস বলেছিল যে ১২টি সিটে জিতছে। এখন তারা সেই জায়গায় একটাতেও জিততে পারছে না।

আরও পড়ুন: ‘সূর্যাস্তের পর আপনারা সবাই জিতবেন’, প্রার্থীদের জরুরি বার্তা মমতার

প্রসঙ্গত, শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৯৪ সিটে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে রয়েছে মাত্র ৯৭টি সিট। আর বামফ্রন্ট এবং আইএসএফের জোটে ৩টি সিট রয়েছে। পাশাপাশি অন্যান্যরা ২টো আসনে এগিয়ে রয়েছে। চলছে ৭৭টি আসনে জোড়কদমে ভোট গণনা। আর এবারের গণনায় অশান্তি এবং প্রাণহানির মতো দুর্ভাগ্যজনক ঘটনা যাতে না হয়, তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন।