২০২৯-এ এক দেশ এক ভোট? একসাথে নির্বাচনে সায় দিচ্ছে বিরোধীরাও

Published:

One nation on election

সৌভিক মুখার্জী, কলকাতা: ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation One Election) কর্মসূচি বাস্তবায়ন করতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার। ২০২৯-এই লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসাথে হতে পারে বলে খবর। এমনকি এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী জানিয়েছেন, একই সঙ্গে লোকসভা আর বিধানসভা নির্বাচন করার ক্ষেত্রে বিরোধী দলগুলি সায় দিয়েছে। তবে কবে কার্যকর হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এমনকি সেক্ষেত্রে কিছু রাজ্যের জন্য রয়েছে সমস্যাও।

২০২৯-এই একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন?

বর্তমান লোকসভার মেয়াদ আর তিন বছর। ২০২৯-এ অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগেই দেশজুড়ে ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি কার্যকর করা হতে পারে বলে খবর। লোকসভা নির্বাচনের পাশাপাশি দেশের অন্যান্য ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন করানো হতে পারে। এমনকি এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটিতে অংশগ্রহণ করেন বিরোধী দলের বেশ কয়েকজন নেতা। সেখানকার চেয়ারম্যান পিপি চৌধুরী জানিয়েছেন, এই প্রস্তাবে বিরোধী দলের নেতারাও রাজি হয়েছে। তাঁদের মধ্যে ৯৪ শতাংশ ‘এক দেশ, এক নির্বাচন’ আয়োজনের পক্ষে মত প্রকাশ করেছেন।

তবে কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ সহ অন্যান্যরা এই নিয়মের বিরোধিতা করছেন। তাঁদের দাবি, একই সঙ্গে দেশ এবং রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তা পরিকাঠামোগত উন্নয়ন এবং রাজ্য সরকারগুলির কার্যকারিতার উপর প্রভাব পড়তে পারে। কিন্তু কেন্দ্রের দাবি, এই নিয়ম চালু হলে সরকার উন্নয়নমূলক কাজগুলিতে বেশি নজর দিতে পারবে। এতে সামগ্রিকভাবে দেশের জিডিপি বাড়বে, এবং উন্নয়নের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হয় তা কমবে।

আরও পড়ুন: ২৫-র বেশি গতি হলেই করাতে হবে রেজিস্ট্রেশন, ইলেকট্রিক স্কুটি থাকলে জানুন নতুন নিয়ম!

প্রসঙ্গত, ১৯৫২ সালে দেশের প্রথম সাধারণ নির্বাচন হয়। অর্থাৎ লোকসভা এবং বিধানসভা নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হয়। শেষবার এই নির্বাচন হয়েছিল ১৯৭২ সালে। তবে ২০২৯-এ ‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়ন করতে গেলে কিছু সমস্যা পোহাতে হবে কেন্দ্রকে। প্রথমত, আগামী দু’বছরের মধ্যে এনডিএ জোটের দখলে থাকা ২২টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের ১১টি বিধানসভায় নির্বাচনের কথা। অন্যদিকে সদ্য নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমসহ বেশ কয়েকটি রাজ্যে। কিন্তু ২০২৮ সালে মধ্যপ্রদেশ, ত্রিপুরা, রাজস্থান সহ অন্যান্য আটটি বিধানসভায় নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে এক বছরের মধ্যেই বিধানসভা ভেঙে দিতে হবে, যদি লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়। এখন দেখার, সংসদে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়।