‘এই ভোট বাঙালির আত্মসম্মানের লড়াই’, পর্দা থেকে রাজনৈতিক জীবনে পরমব্রত

Published:

Parambrata Chatterjee

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় নির্বাচনের ঝড় বইছে (West Bengal Election 2026)। ইতিমধ্যেই প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। আর আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই একেক জায়গায় চাঁদের হাট বসছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলের। তবে শনিবার নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চক দিগনগর হাইস্কুল মাঠে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া এবং জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।

রাজনীতির ময়দানে পরমব্রত

উল্লেখ্য, প্রথম বার কোনও রাজনৈতিক জনসভায় নিজেকে তুলে ধরলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সবার মূল আকর্ষণে ছিলেন তিনি। এদিন অভিনেতা হিসেবে নয়, বরং রাজনৈতিক জীবনের জয়যাত্রা হিসাবে তাঁর এই সভামঞ্চ। তাঁর বক্তব্য, কৃষ্ণনগর দক্ষিণের এই জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক যাত্রা শুরু হচ্ছে। এই ভরদপুরে ধুলো আরো রোদ উপেক্ষা করে আসার একটাই কারণ ২০২৬-এর নির্বাচন শুধুমাত্র ভোট নয়, বরং প্রত্যেকটা বাঙালির আত্মসম্মান আর মর্যাদার লড়াই। আর সেই লড়াইয়ে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করতে হবে।

পরমব্রতের সংযোজন, যে সমস্ত রাজ্যে প্রতিদিন নারীদের হেনস্থা করার ঘটনা ঘটে, সেখান থেকে এসে কিছু মানুষ আমাদের রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে ভাষণ দিয়ে যাচ্ছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গ আজ মহিলাদের জন্য সবথেকে নিরাপদ রাজ্য। এমনকি তিনি এসআইআর নিয়েও এদিন সুর চড়িয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিনেতা। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার প্রতিবাদে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি।

এদিকে এদিন বক্তব্য রাখতে গিয়ে জুন মালিয়া কড়া ভাষায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। সম্প্রতি যোগী আদিত্যনাথের এক বিতর্কিত মন্তব্য টেনে এনে তিনি বলেছেন, এই জেলায় যোগী এসেছেন। আর তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ নাকি বলেছেন, ‘তুমি আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।’ এটা কোন ধরনের কালচার? আমাদের মনীষীদেরকে দিনের পর দিন অপমান করছে বিজেপি।

আরও পড়ুন: ATM-এ টাকা তোলা, প্যান কার্ড, শেয়ার বাজার! ১ মে থেকে বদলাচ্ছে ৭ নিয়ম

উল্লেখ্য, বক্তব্য শেষে পরমব্রত আগামী ২৯ তারিখ ঘাসফুল শিবিরকে ভোট দিয়ে উজ্জ্বল বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। আর তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথাও অক্ষরে অক্ষরে তুলে ধরেন।