‘সনাতনী মেয়র পাবে কলকাতা পুরসভা’ আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন সুকান্ত মজুমদার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “সনাতনী মেয়র পাবে কলকাতা পুরসভা।” পুরসভার (Kolkata Municipal Corporation) ভোটের জন্য ইনচার্জের দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election 2026)কবে হবে সেই সংক্রান্ত সম্ভাব্য দিনক্ষণও রাজ্য সরকারের তরফে জানানো হয়নি। এরই মাঝে, ভোটের জন্য বিশেষ দায়িত্ব পেতেই জয় নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করতে শোনা গেল সুকান্ত বাবুকে। ভোটের রণকৌশল ঠিক করাকরির মাঝেই তিনি জানালেন, নির্বাচনে 170 থেকে 180টা আসন পাবে বিজেপি।

কলকাতা পুরসভার নির্বাচনের আগেই মুখ খুললেন সুকান্ত মজুমদার

রাজ্যে পালাবদলের পরই কলকাতা পুরসভা হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। ভরাডুবির পরই একপ্রকার ভেঙে যায় পুরসভার বোর্ড। আর তারপরেই নতুন করে নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে একপর্যায়ে। এখনও পর্যন্ত পুরসভার নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও কয়েকটি সূত্র বলছে, আগামী নভেম্বর মাসেই হতে পারে কলকাতা পুরসভার নির্বাচন। এরপর 7 ডিসেম্বরের মধ্যেই গঠন হতে পারে নতুন বোর্ড। আর সেই সম্ভাবনাকে মাথায় রেখেই কৌশল সাজাচ্ছে শাসক দল ভারতীয় জনতা পার্টি।

প্রথমবারের মতো বাংলার মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার। আর তারপরেই রাজ্যবাসীকে নানান আশার কথা শুনিয়েছেন রাজ্য এবং কেন্দ্র উভয় নেতৃত্ব। এবার সেই সূত্র ধরেই কলকাতা পুরসভার নির্বাচনের আগে আত্মবিশ্বাসী মন্তব্য করে বসলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, বিগত বিধানসভার ফলাফলের নিরিখে 144টি ওয়ার্ডের হিসেবে ভারতীয় জনতা পার্টি 101 আসনে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। কাজেই আসন সংখ্যা 209 হলে দল খুব সহজেই 170 থেকে 180টি আসন পেয়ে যাবে বলেই বিশ্বাস করেন সুকান্ত বাবু।

আরও পড়ুন: মা-বাবাকে অসম্মান করলেই সম্পত্তির অধিকার হারাবে সন্তান, ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টি রণকৌশল তৈরি করছে একদিকে, অন্যদিকে রাজ্যের বিজেপি নেতৃত্বও কেন্দ্রের নির্দেশ মেনে দলকে এগিয়ে নিয়ে যেতে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত, এমতাবস্থায়, এদিন কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে আগাম আত্মবিশ্বাস প্রকাশ করার সাথে সাথে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একেবারে খোলাখুলি বলেন, “আগামী দিনে কলকাতা পুরসভা সনাতনী মেয়র পেতে চলেছে।” বলা বাহুল্য, এর আগে কলকাতা পুরসভার মেয়র ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতা ফিরহাদ হাকিম। তিনি এখন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে।