প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে সফল হল স্বপ্ন। ১৫ বছরের তৃণমূল সরকারকে গুড়িয়ে প্রথমবার বাংলায় সরকার গড়ে তুলল বিজেপি (Bharatiya Janata Party)। গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী (New Chief Minister Of West Bengal) হিসেবে ব্রিগেডে শপথগ্রহণ সারলেন কাঁথির ‘শান্তিকুঞ্জে’র মেজ ছেলে তথা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুরুতে তৃণমূলের হয়ে নন্দীগ্রাম লড়াই থেকে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের লড়াইয়ের রাস্তা যে খুব একটা সহজ ছিল না তা নিজের চোখে দেখেছিলেন মা গায়ত্রী অধিকারী। আর এবার ছেলের এই সাফল্যে বেশ খুশি হলেন তিনি।
শুভেন্দুকে মারার চেষ্টা করা হয়েছিল চারবার!
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী এক সাক্ষাৎকার পর্বে জানান, “আমি খুব আনন্দিত। তবে আমার থেকেও এই বাংলার বেশি লোক আনন্দিত। গত ৫ বছর ধরে অনেক লড়াই করেছে। মৃত্যুর হাত থেকে আমার ছেলে ফিরে এসেছিল। চারবার ছেলেকে মারার জন্য টার্গেট করা হয়েছিল। আমার ছেলে রাজনৈতিক জীবনে সবসময় এক লড়াই করে এসেছে শুভেন্দু। আর এই সব শিক্ষা ছোটবেলা থেকে তাঁর বাবা দিয়ে গিয়েছেন। নন্দীগ্রাম আন্দোলনের সময়ও ওঁকে খুব একটা টেনশনে থাকতে দেখতাম না। কিন্তু ওঁকে নিয়ে আমরা টেনশনে থাকতাম। কী হবে কী হবে ভাবতাম। আজ ছেলেকে মুখ্যমন্ত্রী পদে দেখে খুব খুশি আমরা সকলে।”
বাগান বিলাসী শুভেন্দু
গায়ত্রী দেবী জানান, কলেজ থেকেই নাকি শুভেন্দু অধিকারী সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু সেই শুভেন্দু নাকি স্কুলে পড়াকালীন মাধ্যমিক পর্যন্ত ঘর থেকে খুব একটা বেরোতেন না। গাছের পরিচর্যা করতেন খুব। ফুলকপি, বেগুন, লঙ্কা, শাক, টমেটো, কত গাছ!’ ছেলের গল্প এছাড়াও শুভেন্দু পান্তাভাত খেতে বড়ই ভালোবাসেন। তার সঙ্গে কখনও আলুভাজা, মাছ ভাজা বা ডিমের অমলেটও খান। সাক্ষাৎকারে গায়ত্রী দেবীকে প্রশ্ন করা হয়েছিল যে মা হিসেবে কী কী কাজ করতে বলবেন ছেলেকে। জবাবে তিনি বলেন, অভয়ার মৃত্যুর বিচার।
আরও পড়ুন: টলিউডে গেরুয়া ছোঁয়া! শুভেন্দুর শপথে ব্রিগেডে জিৎ, প্রসেনজিৎ, যিশু
মেয়েদের নিরাপত্তা ব্যবস্থার আবেদন
মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারী স্পষ্ট জানান, “ রাজ্যে অনেক বেকারত্ব আছে, সেটা ছেলেকে দেখতে বলব, মহিলাদের সুরক্ষা যেন থাকে সেটাও দেখতে বলব। সকলের জন্য যেন লড়াই চালিয়ে যায়। এবং গরীব মানুষের বাড়ি ঘর যেন সকলে পায় সেগুলোও দেখতে বলব।” প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও, রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। কিন্তু সেই সময় ৭৭ আসনে জিতে বিজেপির বিরোধী দলনেতা হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। তবে আপাতত সেই তকমা ঘুচল। ২৬ এর নির্বাচনে বিপুল ভোটে জিতে এবার মুখ্যমন্ত্রীর সিংহাসন দখল করলেন তিনি।










