বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনীতিতে বদলেছে বিরোধীদের পথচলা। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে একজোট হয়েছে বিরোধীরা। এমতাবস্থায়, রবিবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তাঁর বক্তব্য, যে সিপিআইএমের অপশাসনকে দূর করার জন্য তৃণমূল প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতার তাগিদে সেই বামফ্রন্টের সাথেই হাত মিলিয়েছেন মমতা।
মমতাকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর!
বামফ্রন্টের 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে বাংলার রাজনীতিতে সর্বশক্তি নিয়ে প্রবেশ করেছিল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের রায়ে মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় এসেই বামেদের নানাভাবে নিশানা করতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে। ক্ষমতা হারানোর পর বাংলায় বামেদের সাথেও জোট বাঁধতে সমস্যা নেই বলেছিলেন মমতা। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশে আসতেই নতুন করে সেই প্রসঙ্গই মাথাচাড়া দিয়ে উঠেছে। এমতাবস্থায় মমতাকে রাজনীতির পাঠ দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতিহাস স্মরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করালেন, “একটা সময় কংগ্রেস থেকে সরে আসার পর তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের সিপিআইএম সরকারের অত্যাচারের হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে তৈরি হয়েছিল তৃণমূল। সিপিআইএম সাইবাড়ি কাণ্ড ঘটিয়েছিল, নন্দীগ্রামের মহিলাদের সম্মানহানি করেছিল এরাই। ধানতলা বা তিলজলায় আনন্দমার্গীদের পুড়িয়ে মেরেছিল, 54 হাজার কলকারখানা বন্ধ করে দিয়েছিল। আজ ক্ষমতার তাগিদে সেই সিপিআইএমের সাথেই হাত মিলিয়েছেন মমতা।”
এদিন তৃণমূলকে নিশানা করেই মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, বাংলার রাজনীতি থেকে সিপিআইএম নামক দলটা কার্যত মুছে গিয়েছে। বর্তমানে তাদের ঠিকানা মহাশূন্যে। এমন অস্তিত্বহীন দলের সাথে জোট বাঁধার বিষয়টা বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল আজ দেউলিয়া হয়ে গিয়েছে। এদিন পূর্বতন সরকারের সব অপকর্ম নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের তৈরি করা দুর্নীতির সাম্রাজ্য আজ ধ্বংসের মুখে। বালি পাচার থেকে শুরু করে কয়লা চুরি, অবৈধ টোলের মতো অপরাধের পর আপনারা এখন ভয় পাচ্ছেন। কারণ বাংলায় বিপুল জনরোষ এখনও রয়েছে।”
আরও পড়ুন: সরতেই হবে নির্বাচন কমিশনারকে? জ্ঞানেশ কুমারকে সরাতে বিরাট ছক বিরোধীদের
এদিন SIR ইস্যু নিয়ে তোলা সমস্ত রকমের অভিযোগ একেবারে উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সাথে এদিন ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে কংগ্রেসকে নিশানা করেন তিনি। বলেন, “কেরালায় যেহেতু কংগ্রেস জিতেছে, তাই সেখানে তাঁরা SIR প্রক্রিয়াকে সমর্থন করেছে।” এরপরই বামফ্রন্টকে নিশানায় এনে শুভেন্দু বলেন, “এদিকে বামেরা এখনও সোশ্যাল মিডিয়া আর টক শোয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। রায়গঞ্জ থেকে বারবার হেরে ক্লান্ত হয়ে পড়া মহম্মদ সেলিম আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে আজাদী স্লোগান তুলছেন।” মুখ্যমন্ত্রী বিরোধীদের খোঁচা দিয়েই বলেন, পারলে কেরালায় গিয়ে আন্দোলন করুন।










