প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ রাজনীতির ইতিহাসে প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির (Bharatiya Janata Party)। তাই স্বাভাবিকভাবেই তুঙ্গে তৎপরতা। আগামীকাল থেকেই রাজ্যে নতুন সরকারের যাত্রাপথ শুরু হতে চলেছে। কিন্তু, প্রশ্ন উঠছে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? এবার সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আজই কলকাতায় এসেছেন অমিত শাহ (Amit Shah)। জানা গিয়েছে, বিকেলে সাড়ে ৩টে নাগাদ নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠক করবেন তিনি। এমতাবস্থায় প্রকাশ্যে এল সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা (BJP Probable Ministers List)।
সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা
১৫ বছরের তৃণমূল রাজ্য শেষ, পরিবর্তনের পশ্চিমবঙ্গ এখন হয়ে উঠেছে গেরুয়া-ময়। বিপুল জয়ের পর আগামীকাল, ৯ মে অর্থাৎ শনিবার ২৫ বৈশাখ ব্রিগেডে শপথ নিতে চলেছে বিজেপি সরকার। এরই মধ্যে India Hood এর হাতে এসেছে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা। দেখা গিয়েছে, মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় রয়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, হাওড়ার শিবপুর বিধানসভার রুদ্রনীল ঘোষ, পুরুলিয়া কেন্দ্রের সুদীপ মুখোপাধ্যায়, কাকদ্বীপ কেন্দ্রের দীপঙ্কর জানা, পান্ডবেশ্বর থেকে জিতেন্দ্র তিওয়ারি, বহরমপুর কেন্দ্রের সুব্রত মৈত্র, রিতেশ তিওয়ারি, অম্লান ভাদুড়ীর মত হেভিওয়েট নেতা।
থাকতে পারেন দিলীপ ঘোষ
বিজেপির নতুন মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রক পাওয়ার তালিকায় থাকতে পারেন উত্তরবঙ্গে বিজেপি নেতা তথা দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, খড়গপুর সদরের দিলীপ ঘোষ, পানিহাটির রত্না দেবনাথ এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের শঙ্কর ঘোষ। পাশাপাশি শোনা যাচ্ছে বিধানসভার স্পিকার হতে পারেন তাপস রায়। সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় আরও অনেকের নাম নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে অফিশিয়ালি কোনো নোটিস পাওয়া যায়নি। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার প্রক্রিয়ায় সহকারী পর্যবেক্ষক হিসাবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণকে দায়িত্ব দেওয়ার কথা জানা গিয়েছে।
আরও পড়ুন: পরিচারিকা থেকে বিধায়ক কলিতা মাজি, মালিকের দেওয়া শাড়ি পরে নেবেন শপথ
প্রসঙ্গত, হবু মুখ্যমন্ত্রীর নাম এখনও ফাঁস না করলেও কোন ব্যক্তি এই পদের দাবিদার, তার ইঙ্গিত ভোট প্রচারের সময় জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন নির্বাচনী সভা থেকে তিনি বলেছিলেন, ‘বাংলায় বড় হওয়া, বাংলায় পড়াশোনা করা কোনও বাঙালি বিজেপি নেতাই এ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।’ সেই তালিকায় নাম উঠে আসছে শুভেন্দু অধিকারীর। কারণ শুভেন্দু অধিকারী পর পর দু’বার নির্বাচনে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন। এছাড়াও তালিকায় উঠে আসছে সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্যের নাম।










