প্রীতি পোদ্দার, কলকাতা: ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্যকর পরিস্থিতি জেলায় জেলায়। পার্টি অফিস ভাঙচুর করা থেকে শুরু করে কর্মী সমর্থকদের একের পর এক খুনের ঘটনায় জর্জরিত গোটা বাংলা। এবার সেই ঘটনার আঁচ পড়ল মালদায় (Malda)। অভিযোগ ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক বিজেপি সমর্থককে কুপিয়ে খুন (Young BJP Worker Murdered) করা হয়েছে ইংরেজবাজারে৷ তদন্তে নামল পুলিশ।
কুপিয়ে কোন বিজেপির সমর্থককে
রিপোর্ট মোতাবেক, মালদার ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় গতকাল, বুধবার রাতে কিষাণ হালদার নামে এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠে এসেছে। পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে নাকি তাঁকে কয়েকজন ফোন করে ডাকে। রাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কিষাণ কিন্তু তারপর আর ফেরেনি। পরে খোঁজ খবর করা হলে দেখা যায় বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তাঁর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। দেহের পাশে একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
অভিযোগের তীর দুই প্রতিবেশীর বিরুদ্ধে
পুলিশের প্রাথমিক অনুমান, হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিজেপি কর্মী কিষাণ হালদারকে। কারণ তাঁর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন ছিল। এই ঘটনায় তাঁর আরও দুই বন্ধুও আহত হয়েছেন বলে খবর। মেডিক্যালে তাঁদের চিকিৎসা চলছে। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কিষানের নামেও থানায় একাধিক অভিযোগ ছিল। গোটা ঘটনায় অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলাম হালদার ও তাঁর ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির জেলা নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: সিঙ্গুরকাণ্ডে টাটাকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণে স্থগিতাদেশ হাইকোর্টের
নিহত কিষান পার্কিং এরিয়া দেখাশোনা করতেন৷ এবং তাঁর বাবা বীরেন হালদার বেসরকারি সংস্থার কর্মী৷ ছেলের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে প্রাথমিক ধারণা করছেন নিহত যুবকের বাবা। গোলাম হালদার ও সুমন হালদারের সঙ্গেই কিষাণের ঝামেলা হয়েছিল বলে জানা গিয়েছে। দুজনকেই আপাতত আটক করা হয়েছে। চলছে টানা জিজ্ঞাসাবাদ। তবে যারা অভিযুক্ত তাদের কোনও রাজনৈতিক পরিচিতি নেই বলেই খবর পাওয়া গিয়েছে।










