প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির রীতি সংস্কৃতির সঙ্গে খাবারের এক আলাদা যোগ রয়েছে। প্রতিটি রান্নায় ভিন্ন রকমের মশলার যেমন অপরূপ মেলবন্ধন রয়েছে ঠিক তেমনই আবার ঠাকুমা, দিদাদের ভালোবাসা জড়িয়ে আছে। শুধু কি তাই, ফলের খোসা থেকে ডগা, কাণ্ড থেকে শিকড়, ফুল থেকে পাতা সব কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারে নানা পদ (Recipe)। কিন্তু সেই সব রান্না আজ প্রায় বিলুপ্তির পথে, যার মধ্যে অন্যতম হল ডুমুরের ডালনা (Dumurer Dalna)। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই রেসিপিটি তৈরি করার পদ্ধতি জেনে নেওয়া যাক।
উপকরণ
ডুমুরের ডালনা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ডুমুর, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, আলু, আদা, সাদা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, চাল মগজ, তেজপাতা, গরম মশলা বাটা, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে বাজার থেকে কিনে আনা ডুমুর গুলো মাঝখান দিয়ে অর্ধেক করে দানাগুলো বের করে নিতে হবে। এবার সেগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে আর কোনো দানা বা নোংরা না থাকে।
- এরপর একটি প্রেসার কুকারে ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিতে হবে। এবং মশলা হিসেবে নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং ডুমুরের সম পরিমাণ জল নিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন বেশি সেদ্ধ না হয়ে যায়।
- অন্যদিকে আলুগুলোর খোসা ছাড়িয়ে তিন থেকে চার ভাগ কেটে নিতে হবে। টমেটো গুলো আলুর মতো করে কেটে নিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে আদা, সাদা জিরে এবং সামান্য জল দিয়ে একটি মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে আলুগুলো হালকা ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর এই সময় ব্লেন্ডারে আবার পোস্ত, চাল মগজ ও সামান্য জল দিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে।
আরও পড়ুন: একঘেয়ে ইলিশের পদে আনুন টুইস্ট, ঝটপট বানিয়ে ফেলুন লোভনীয় মুড়িঘণ্ট..
- এবার ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডুমুর গুলোকে হালকা ভেজে নিতে হবে। ডুমুর ভাজার জন্য সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট পর ভাজা ডুমুরগুলো (Dumurer Dalna) এবার অন্য পাত্রে তুলে রাখতে হবে। এরপর ওই একই তেলের মধ্যে তেজপাতা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। কেটে রাখা টমেটোগুলোও এবার এর মধ্যে ঢেলে দিতে হবে।
- টমেটোগুলো ভেজে নেওয়ার সময় নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালো করে মেশানোর পর এবার আদা জিরে বাটা ঢেলে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য চিনি। এরপর সবটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর কষাতে দিতে হবে। ৫-৬ মিনিট পর এই মসলা কষার মধ্যেই চালমগজ বাটাটা ঢেলে দিতে হবে।
- মশলা দিয়ে তেল বেড়ানোর পর এবার ভেজে রাখা আলু এবং ডুমুরগুলো ঢেলে দিতে হবে। সবটা ভালো করে মেশানোর পর এবার ঢেলে দিতে হবে গরম জল। ৭-৮ মিনিট গ্রেভিটা ফোটানোর পর এবার দিতে দিতে হবে গরম মশলা বাটা। ব্যস, নাড়াচাড়া করে নেওয়ার পর তৈরি গরম গরম ডুমুরের ডালনা।










