বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলে সুযোগ না পেয়ে অন্যান্য দেশের জাতীয় দলের হয়ে ক্রিকেটে প্রতিভা দেখিয়েছেন এমন প্লেয়ারের উদাহরণ কম নেই। সেই তালিকায় রয়েছেন বিহারের অভিষেক আনন্দও (Abhishek Anand)। তাঁর গল্পটা খানিকটা আলাদা। অভিষেক আইআইটি কানপুরের ছাত্র। সেখান থেকে রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে চাকরির জন্য গিয়েছিলেন জাপানে। আর দূর দেশে গিয়েই ক্লাব ক্রিকেটে জড়িয়ে পড়েন তিনি। এরপর সেখানে নিজেকে প্রমাণ করে সুযোগ করে নেন জাপানের জাতীয় ক্রিকেট দলে (Japan Cricket Team)। এবার সেই প্লেয়ারই কি ভারতের বিরুদ্ধে খেলতে চলেছেন?
এক নজরে অভিষেকের জার্নি
আইআইটি কানপুর থেকে রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে 2022 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন অভিষেক। পরবর্তীতে চাকরি খুঁজতে চলে যান জাপানে। সেখানে গিয়ে একটা দীর্ঘ সময় নিজের কর্মজীবন শুরু করার উদ্দেশ্য নিয়ে প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত জাপানের ক্লাব ক্রিকেটে পা রাখেন এই ভারতীয়। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি একটা আলাদা টান ছিল অভিষেকের। তবে ভারতে থেকে নিজের পড়াশোনার মাঝে সেই ভালবাসাটাকে আঁকড়ে ধরে রাখতে পারেননি তিনি। সুযোগ হল জাপানের মাটিতে পা রেখেই।
ক্যামেরার মুখোমুখি হয়ে অভিষেক জানিয়েছেন, বিহার থেকে কাজের সন্ধানে জাপানে যাওয়ার পর সে দেশের ক্লাব ক্রিকেটের আকর্ষণ তাঁকে আটকে রাখতে পারেনি।পরবর্তীতে ক্লাব ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করে সুযোগ পেয়ে গিয়েছিলেন জাপানের জাতীয় ক্রিকেট দলে। বর্তমানে একজন ভারতীয় হয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে জাপানের প্রতিনিধিত্ব করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেল, 2025 সালের 9 মে, কুক আইল্যান্ডসের বিপক্ষে জাপানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছিলেন এই ভারতীয়। সেখানে নিজেকে প্রমাণ করার পর থেকে জাপান দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন অভিষেক আনন্দ। পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করতে থাকেন তিনি। তবে আগামী 22 তারিখ ভারত বনাম জাপানের ম্যাচে বোধহয় খেলবেন না অভিষেক। তার কারণ, ভারতের বিরুদ্ধে এশিয়ান গেমসে জাপান যে দল ঘোষণা করেছে সেই দলে নাম নেই বিহারের রোহতাস জেলার বাসিন্দার।
अरे जापान क्रिकेट टीम में भी बिहारी 🙀 pic.twitter.com/RmQcW6t68L
— The Bihar (@Thebihar_in) September 19, 2026
আরও পড়ুন: ফের টানা ৩ দিন চলবে ব্যাঙ্ক ধৰ্মঘট! গ্রাহকদের উদ্দেশ্যে জরুরি বার্তা SBI-র
উল্লেখ্য, বিহারের ছেলে অভিষেক আনন্দ একজন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম পেসার। এক কথায়, একজন দক্ষ অলরাউন্ডার হিসেবেই জাপানের জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। সে দেশের হয়ে আজ পর্যন্ত 18টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে 275 রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে একটি হাফ সেঞ্চুরিও। তাছাড়াও বল হাতে এই আসরে একটি উইকেট নেওয়ার পাশাপাশি নয়টি ক্যাচ ধরেছেন অভিষেক।










