বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে জয়ের সরণিতে ফিরল ব্রাজিল (Brazil Vs Haiti)। গত ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ড্র করলেও শনিবার সি গ্রুপের ম্যাচে খুদে হাইতিকে সামনে পেয়ে একেবারে নাকের জলে চোখের জলে করে ছাড়ল নেইমারহীন হলুদ বাহিনী। 52 বছর পর বিশ্বকাপে খেলতে নামা দলটাকে 3-0 গোলে পরাস্ত করেছে ব্রাজিলিয়ানরা। আর সেই দাপুটে জয়ের পরই এই মুহূর্তে ফিফা বিশ্বকাপের পয়েন্ট তালিকায় নিজ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনার সবচেয়ে কাছের এবং চেনা প্রতিপক্ষ ব্রাজিল।
হাইতিকে বিশ্বকাপ থেকে তাড়িয়ে দিল ব্রাজিল!
1974 সালের পর প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছিল হাইতি। সেই ছোট্ট দেশটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ম্যাচের একেবারে প্রথম থেকেই ক্ষমতা প্রদর্শন করেছে 5 বারের চ্যাম্পিয়নরা। এদিন সময় যত গড়াচ্ছিল প্রতিপক্ষের উপর ততই চাপ বৃদ্ধি করছিল শক্তিশালী ব্রাজিল। ম্যাচ যখন 23 মিনিটে গড়িয়েছে 9 নম্বর জার্সিতে ব্রাজিলের হয়ে নিজের প্রথম গোলটি করেন ম্যাথিউস কুনহা।
এদিকে প্রথম গোল খেয়ে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিল হাইতি। ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল ব্রাজিলের দুর্গ ভেঙে কিছুতেই গোলমুখী হতে পারছিল না হাইতি বাহিনী। খেলা যখন 36 মিনিটে গড়াল হাইতির গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলটি করলেন ম্যাথিউস। এই গোলের পর গোটা দলের আত্মবিশ্বাস একেবারে চাগার দিয়ে উঠেছিল। দর্শকরাও আশা করছিলেন হয়তো হ্যাটট্রিক করবেন ব্রাজিলের ম্যাথিউস। তবে সেই আশা পূরণ হয়নি।
অবশ্যই পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না হাসপাতাল? এভাবে জানান অভিযোগ
এই ব্রাজিলিয়ান ফুটবলার যদি নিজের তৃতীয় গোলটি করে ফেলতেন সেক্ষেত্রে 68 বছর পর নতুন ইতিহাস তৈরি করতে পারতো ব্রাজিল। পেলের পর প্রায় সাত দশক বাদে বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম ব্রাজিলিয়ান হয়ে উঠতেন তিনি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয় তাঁর। তবে ম্যাথিউস গোল না পেলেও ব্রাজিলের খাতায় উঠেছিল তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই কাজ করেছেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি ফিফা বিশ্বকাপে ব্রাজিলের সর্বকনিষ্ঠ প্লেয়ার ভিনিসিয়াসের বিশ্বকাপ কেরিয়ারের এটি তৃতীয় গোল। আর সেটাই 52 বছর পর ফুটবল বিশ্বকাপে পা রাখা হাইতিকে একেবারে মাঠ ছাড়া করল। ব্রাজিলের দাপটের কাছে মাথা ঝুঁকিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল ডোমিনিকান রিপাবলিকের পশ্চিমের দেশটি। বলে রাখি, ফিফার তালিকায় এই দেশের র্যাংক 85।










