ট্রেনে করতেন ডেলি প্যাসেঞ্জারি, টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন দুর্গাপুরের ছেলে অভিপ্রায়

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কষ্ট না করলে কেষ্ট মেলে না। পুরনো বাংলা এই প্রবাদ যেন একেবারে কাটায় কাটায় মিলে গেল দুর্গাপুরের (Durgapur) ছেলে অভিপ্রায় বিশ্বাসের (Abhiprai Biswas) জীবনে। প্রতিদিন সাত সকালে উঠে ট্রেনে কলকাতায় আসা, কোচিং সেন্টারে প্র্যাকটিস করে আবার নিজের শহর দুর্গাপুরে ফিরে যাওয়া! এটাই ছিল অভিপ্রায়ের এতদিনের রুটিন। যাত্রার মাঝপথে অবশ্য বিশ্রাম নিতেন প্ল্যাটফর্মেই। এই জীবন যুদ্ধে ছেলের সঙ্গী হয়েছিলেন মা অলকা বিশ্বাস। একজন বড় মাপের ক্রিকেটার হয়ে ওঠার জন্য অভিপ্রায় যে কতটা খাটছে সেটা জানতেন তিনি। এবার সেই পরিশ্রমের ফল হাতে নাতে পেলেন বঙ্গ তরুণ। অস্ট্রেলিয়া সিরিজের জন্য টিম ইন্ডিয়ায় (Team India)জায়গা পেয়েছেন এই বাঙালি ক্রিকেটার।

কঠোর পরিশ্রম করে ভারতীয় দলে সুযোগ পেলেন অভিপ্রায়

আর পাঁচজন তরুণ ক্রিকেটারের মতোই নিজের উজ্জ্বল কেরিয়ার গড়ে তোলার লক্ষ্যে পরিশ্রম করতে কোনও খামতি রাখেননি দুর্গাপুরের অভিপ্রায়। গত সিজনে কোচবিহার ট্রফিতে ধারাবাহিকভাবে রান পেয়েছিলেন তিনি। সেই সূত্রেই মোহালিতে বোর্ডের ক্যাম্পে ডাক পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স এ উইকেট কিপারদের বিশেষ ক্যাম্পে সুযোগ পান অভিপ্রায়।

না বললেই নয়, অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের জন্য যখন ভারতীয় দল ঘোষণা করা হল, সেই সময় সেন্টার অফ এক্সিলেন্স এ ছিলেন তিনি। ভারতীয় দলে অর্থাৎ টিম ইন্ডিয়ায় যে এ ভাবে সুযোগ পেয়ে যাবেন সেটা বোধহয় আগে কল্পনাও করতে পারেননি দুর্গাপুরের ছেলে। জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা পাওয়ায় সমস্ত স্বপ্ন পূরণের একটা আশার আলো দেখতে পারছেন দুর্গাপুরের অভিপ্রায়।

 

আরও পড়ুন: পিছিয়ে থেকেও জয়, গ্যান্ড চেস ট্যুর জিতে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন প্রজ্ঞানন্দ

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী 27 সেপ্টেম্বর থেকে চার দিনের বা মাল্টি ডে সিরিজের দুটি ম্যাচ খেলবে ভারতীয় দল। আর সেই অনূর্ধ্ব 19 টিমের হয়েই নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পাবেন বঙ্গ তরুণ। অভিপ্রায় নিজেও জানেন, এটাই তাঁর কাছে ভবিষ্যৎ সুনিশ্চিত করার সবচেয়ে বড় সুযোগ। এই আসরে নিজেকে ব্যাট হাতে যোগ্য প্রমাণ করতে পারলে আগামী দিনে ভারতের সিনিয়র দলে জায়গা পাওয়ার একটা সুযোগ থাকবে এই বাঙালি ক্রিকেটারের হাতে। সর্বোপরি, বাংলা থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন কেউ।