ফুটবল ম্যাচ খেলতে নেমেই মারামারি দু’দলের প্লেয়ারদের, আহত ৫০

Published:

Football Match Fight

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বাঁধল সংঘর্ষ (Football Match Fight)। তাতেই আহত 50 জন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুরে। ওই অঞ্চলের কালিকাপুর সরকারি স্কুলের মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগে কালিকাপুর একাদশ ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের প্লেয়ারদের মধ্যে শুরু হয় বচসা। এটাই একপর্যায়ে গিয়ে হাতাহাতি এবং শেষে সংঘর্ষে পরিণত হয়। তাতেই আহত হয়েছেন দুই দলের প্লেয়াররা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

খেলতে নেমেই সংঘর্ষ দুই দলের

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ সূত্রে খবর, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চলছিল ম্যাচ। এক গোল করে এগিয়েছিল কালিকাপুর। পরবর্তীতে খেলা শেষ হওয়ার 10 মিনিট আগে কথা কাটাকাটি হয় কালিকাপুর একাদশ এবং মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের প্লেয়ারদের মধ্যে। শেষ পর্যন্ত সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। একে অপরের উপর চড়াও হন তাঁরা। কয়েকজনকে মাঠের আশপাশ থেকে ইট তুলে প্রতিপক্ষের প্লেয়ারদের ছুঁড়ে মারতেও দেখা যায়। যেই ঘটনায় আহত হয়েছেন 50 জন ফুটবলার।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে কালিকাপুর একাদশের অধিনায়ক মিরাজ খানকে ইট দিয়ে আঘাত করেছিলেন প্রতিপক্ষ দলের অধিনায়ক বা টিম লিডার রাকিব তালুকদার। আর তারপরেই সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের যা দাবি, ওই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন প্লেয়ার গুরুতরভাবে আহত হলে তাঁদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে মিরাজ খানকে ট্রান্সফার করা হয় বাংলাদেশের বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজে। চিকিৎসক সূত্রে খবর, তাঁর আঘাত বেশ গুরুতর। জানা যায়, ফুটবলারদের পাশাপাশি ম্যাচের আগে সংঘর্ষে জড়িয়ে ছিলেন দুদলের সমর্থকরা,

আরও পড়ুন: বয়স ৯ মাস, হামাগুড়ি দেওয়ার বয়সে বিশ্বরেকর্ড গড়ে বিশ্ববাসীকে ‘শিক্ষা’ দিল ভারতের শ্রেয়া

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা। কোনও অপরাধীকে ছাড়া হবে না। তদন্ত চলছে। যাঁরা এই সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষী তাঁদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ওই পুলিশকর্তা। এদিকে বুধবারের ওই ম্যাচের আয়োজক কমিটির আহ্বায়ক কামাল মৃধা এমন অপ্রত্যাশিত সংঘর্ষের ঘটনার জন্য মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশকে দায়ী করেছেন।

আরও Bangladesh Football