মাঠের মধ্যেই প্লেয়ারকে সপাটে চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শাস্তি পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে নয় বরং ইন্টার মায়ামির (Inter Miami CF)হয়ে মাঠে নেমে প্রতিপক্ষ ফুটবলারের সাথে হাতাহাতিতে জড়ানোয় শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির বিরুদ্ধে প্রতিপক্ষ দলের প্লেয়ারকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু কেন হাত চালালেন মেসি? প্রশ্ন তুলছেন অনেকেই।

ফুটবলারকে চড় মারলেন মেসি

গত বুধবারের ঘটনা। মেজর লিগ সকারের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। সেই আসরে পূর্ণ সময়ের খেলা শেষ হয় 2-2 ড্রয়ে। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি ফাউলকে কেন্দ্র করে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। আর সেই ঘটনা নিয়েই হাতাহাতিতে জড়িয়ে ছিলেন ফুটবলারেরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মেসিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাঁর বুকে হঠাৎ স্পর্শ করেন কুইন সুলিভান। তাতেই রেগে যান লিও। মেজাজ হারিয়ে আচমকা পিছন দিক থেকে সুলিভানের ঘাড়ে সপাটে চড় মারেন লিওনেল মেসি। আর সেই চড় খেতেই মেসির দিকে তেড়ে যান ওই ফুটবলার। শেষ পর্যন্ত একে অপরে মাথা ঠেকিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন লিওরা। সেই ঘটনাতেই এবার শাস্তি পেয়েছেন মেসি।

আরও পড়ুন: বাইচুং ম্যাচ বয়কটের ডাক দিতেই ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত ব্রাজিলের? বড় খবর

কী শাস্তি পেলেন মেসি?

সাধারণত মেজর লিগ সকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ম্যাচের মাঝে বা পরেও প্রতিপক্ষ দলের প্লেয়ারদের গায়ে বা ঘাড়ে হাত দেওয়া যায় না। সেখানে মায়ামির প্লেয়ার লিওনেল মেসি সুলিভানের ঘাড়ে সজোরে চড় মেরেছিলেন। আর সেই ঘটনাকেই অপরাধ হিসেবে চিহ্নিত করে মেসিকে শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে। তবে লিওর জরিমানার অঙ্ক ঠিক কতটা তা জানা যায়নি।