বন্দে মাতরম, জয় হিন্দ এ সমস্যা? বড় মন্তব্য ক্রিকেটার মহম্মদ শামির

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দল থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিলেন তিনি (Mohammed Shami)। আবার কবে ফিরবেন তার উত্তর কেউ জানে না। আদৌ কোনও দিন টিম ইন্ডিয়ায় শামির প্রত্যাবর্তন হবে কিনা সেটাও এখন লাখ টাকার প্রশ্ন। অনেকে ধরেই নিয়েছেন, আর নিজের ক্রিকেট জীবনে টিম ইন্ডিয়ায় খেলা হবে না এই অভিজ্ঞ পেসারের। আর সেই জল্পনার মধ্যেই এবার বিরাট মন্তব্য করলেন ভারতীয় দলের এক সময়কার নিয়মিত সদস্য। মুখ খুললেন বন্দে মাতরম নিয়ে!

স্লোগান নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি

সম্প্রতি একটি টেলিভিশন শোতে হাজির হয়েছিলেন ভারতীয় তারকা মহম্মদ শামি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল দুটি স্লোগান নিয়ে। সেখানেই মুখ খুলে ভারতীয় তারকা বলেন, “এর আগেও আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি একটাই কথা বলব, বন্দে মাতরম, জয় হিন্দ ও ভারত মাতা কি জয়, এই কথাগুলো বলতে আমার সমস্যা নেই। এর সবচেয়ে বড় কারণ আমি তো আমার দেশের কথাই বলছি। আমার এখানে কাউকে ভয় পাওয়ার কিছু নেই।”

শামি জানালেন, “জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এসব বললে আমার কি কোনও ক্ষতি হয়ে যাচ্ছে? আমি তো আমার দেশের কথাই বলছি। এসব ক্ষেত্রে জাতি বা ধর্ম টেনে আনার কোনও মানে হয় না।” এক কথায় ভারতীয় তারকা বুঝিয়ে দিয়েছেন, নানান কুমন্তব্য থাকলেও দেশের হয়ে স্লোগান দিতে তাঁর কোনও সমস্যা নেই, থাকতে পারে না! বন্দে মাতরম, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয় সবকিছুই বলতে পারেন তিনি।

অবশ্যই পড়ুন: ইয়েমেন উপকূলে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হল ভারতীয় জাহাজ, ছিলেন ১৪ জন নাবিক

উল্লেখ্য, এর আগে শেষবারের মতো গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে খেলেছিলেন শামি। এরপর থেকে বারবার সম্ভাবনা তৈরি হলেও টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যায়নি এই অভিজ্ঞ বোলারকে। মাঝে জল্পনা বাড়লেও জাতীয় দলে ডাক পড়েনি শামির। সূত্রের যা খবর, জাতীয় দলের ফেরার ক্ষেত্রে ভারতীয় তারকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাঁর ফিটনেস। যদিও ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে খেলছেন তিনি।