রবিবার কলকাতা ডার্বির প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, কবে ট্রফি বিতরণ?

Published:

Sports minister will present at East Bengal Vs Mohun Bagan Kolkata Derby

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই জানা গিয়েছিল বহু অপেক্ষিত ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal Vs Mohun Bagan) কলকাতা ডার্বি গড়াবে 17 মে। সেই মতোই, আগামীকাল অর্থাৎ রবিবার মাঠে নামবে দুই যুযুধান প্রতিপক্ষ। আর সেই হাইভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক। জানা যাচ্ছে, রবির ম্যাচে উপস্থিত থাকার পাশাপাশি আগামী 22 মে চ্যাম্পিয়ন দলের হাতে ইন্ডিয়ান সুপার লিগের ট্রফিও তুলে দেওয়ার কথা রয়েছে ক্রীড়ামন্ত্রীর। তবে এদিন নিশীথ শত ব্যস্ততার মধ্যে সময় দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়।

ক্রীড়া মন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ আয়োজকদের

সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ রবিবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বি উপলক্ষ্যে বিক্রি হয়েছে 62 হাজার টিকিট। যা দুই দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এদিনের ম্যাচে দর্শক সহ অন্যান্য অতিথিদের পাশাপাশি স্টেডিয়ামে হাজির থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক। জানা যায়, আয়োজকরা তাঁকে এদিন উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আয়োজকদের তরফে আমন্ত্রণ পত্র পেতেই ক্রীড়া মন্ত্রী জানিয়েছিলেন, তিনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন। এদিকে, আগামী 21 তারিখ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ডে। এদিন আলাদা আলাদা ভাবে শহরে খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বাগান খেলবে দিল্লির বিরুদ্ধে যুবভারতীতে। অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হবে ইন্টার কাশী। এই ম্যাচ গড়াবে কিশোর ভারতী স্টেডিয়ামে।

অবশ্যই পড়ুন: ‘ডবল ইঞ্জিন’ সরকারের কামাল, এবার বাংলার প্রত্যন্ত গ্রামে পৌঁছাবে হাই-স্পিড ইন্টারনেট

প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা ঠিক করেছেন, আগামী 22 মে সর্বসমক্ষে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে ISL ট্রফি। এদিন ফেডারেশনের উচ্চপদস্থ কর্তাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের ক্রীড়া মন্ত্রীকে। তাঁর হাত দিয়েই চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। তবে সূত্রের খবর, ব্যস্ত কর্মসূচির কারণে এদিন ক্রীড়ামন্ত্রী উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।