মহিলাদের T20 বিশ্বকাপে বড় ধাক্কা খেলো ভারত! ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup) চলাকালীন বড় ধাক্কা খেলো ভারত! নেদারল্যান্ডস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তারকা ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাতিল। ঠিক সে কারণেই এবার গোটা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদিও ইতিমধ্যেই এই খেলোয়াড়ের পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, গোড়ালিতে বেশ গুরুতর চোট পেয়েছেন ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্য।

ঠিক কীভাবে চোট পেলেন শ্রেয়াঙ্কা?

গত 17 জুনের কথা। ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন ফিল্ডিং করছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার। এমন সময় ছুটে আসা একটি বল পা দিয়ে থামানোর চেষ্টা করেন শ্রেয়াঙ্কা। ঠিক সেই সময় গোড়ালিতে গুরুতর চোট পান তিনি। গোড়ালিতে চোট লাগার পর কার্যত যন্ত্রণায় ছটফট করছিলেন ভারতীয় ক্রিকেটার। তড়িঘড়ি মাঠে যায় মেডিকেল টিম। তবে দীর্ঘক্ষণ শুশ্রূষা চললেও ঠিকমতো পা রেখে দাঁড়াতে পারছিলেন না শ্রেয়াঙ্কা। ফলে দ্রুত স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে।

ভারতীয় মহিলা ক্রিকেটার চোট পেতেই অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো চোট সারিয়ে মাঠে ফিরবেন। তবে তেমনটা হল না। খেলোয়াড়ের চোট এতটাই গুরুতর যে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা। যা ভারতীয় দলের জন্য একপ্রকার ধাক্কা বলা যায়। যদিও ইতিমধ্যেই শ্রেয়াঙ্কার পরিবর্ত হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছেন প্রেমা রাওয়াত।

অবশ্যই পড়ুন: কলকাতায় ‘রান ফর যোগা’ কর্মসূচির সূচনা, ম্যারথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বলাই বাহুল্য, রাওয়াত মূলত ভারতীয় এ দলের সাথে ইংল্যান্ড সফরে ছিলেন। তবে আচমকা শ্রেয়া চোট পেতেই তাঁকে ডেকে নেওয়া হয়। সূত্রের খবর, 24 বছর বয়সী এই লেগ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে আজ পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভারতের জার্সিতে মাঠে নামলে সেটাই হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ।