অনন্যা সরকার, কলকাতা: দেশের সিংহভাগ মোবাইল ব্যবহারকারী পোস্ট-পেইডের থেকে প্রিপেইড প্ল্যানগুলিই (Prepaid Recharge Plan) বেশি পছন্দ করেন। কিন্তু রিচার্জ প্লানের ক্রমবর্ধমান মূল্যের দিকে নজর রেখে গ্রাহকদের স্বার্থে এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (ত্রয়োদশ সংশোধনী) রেগুলেশনস, ২০২৬”-এর নতুন নিয়মগুলি জারি করেছে ট্রাই। এর ফলে, জিও (Jio), এয়ারটেল (Airtel), ভি (Vi) এবং বিএসএনএল (BSNL)-কে এখন থেকে গ্রাহকদের জন্য নতুন ও সাশ্রয়ী মূল্যের মোবাইল রিচার্জ অফার করতে হবে, যেগুলির মধ্যে শুধুমাত্র কল এবং এসএমএস (SMS) অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে যারা ডেটা ব্যবহার করেন না বা একাধিক নম্বর সচল রাখতে চান, তাদের আর বাধ্য হয়ে দামী ডেটা-নির্ভর প্যাক বেছে নিতে হবে না। ট্রাই-এর জারি করা বিজ্ঞপ্তিতে কী কী নিয়ম রয়েছে, আসুন দেখে নেওয়া যাক।
ট্রাই-এর নতুন নিয়মগুলো কী?
ট্রাই টেলিকম অপারেটরগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের অবশ্যই গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের মোবাইল রিচার্জের ব্যবস্থা রাখতে হবে। মোবাইল রিচার্জ করার সময় যাদের ডেটার প্রয়োজন হয় না, তারা আরও সাশ্রয়ী বিকল্প বেছে নিতে পারবেন। এই নতুন নিয়ম অনুযায়ী, টেলিকম কোম্পানিগুলোকে শুধুমাত্র ভয়েস ও এসএমএস-এর এসটিভি (STV) অফার চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ দিন বা তার কম ভ্যালিডিটির ক্ষেত্রে এই ধরনের প্ল্যানগুলি বাধ্যতামূলক করা হয়েছে। গ্রাহকদের প্রতি মাসের একই তারিখে প্ল্যান রিনিউ করার সুযোগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ট্রাই। ৩০ দিনের বেশি মেয়াদের অন্তত একটি ভয়েস-এসএমএস প্ল্যান রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

ট্রাই-এর এই সিদ্ধান্তের ফলে যে গ্রাহকরা ডেটা ব্যবহার করেন না, তাদের আর অপ্রয়োজনীয় ডেটার জন্য টাকা খরচ করতে হবে না। গ্রাহকরা তাদের প্রয়োজন ও খরচের ওপর নির্ভর করে কম বা বেশিদিনের রিচার্জের মধ্যে থেকে বেছে নিতে পারবেন। ট্রাই জানিয়েছে যে, টেলিকম কোম্পানিগুলো শুধুমাত্র দীর্ঘ মেয়াদের জন্য খুব কম দামে ভয়েস ও এসএমএস-এর স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) অফার করছে। এর ফলে স্বল্প আয়ের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে স্বল্পমেয়াদী রিচার্জ করার সুযোগ পাচ্ছিলেন না। প্রসঙ্গত, ট্রাই কয়েক মাস আগে এই বিষয়ে পরামর্শ চেয়েছিল এবং তারা ১,১৩২টি মতামত ও পরামর্শ গ্রহণ করেছে।
আরও পড়ুন: ভারত ও আমেরিকার মধ্যে চালু বিশ্বের প্রথম 5G স্ট্যান্ডঅ্যালোন রোমিং, হাত মেলাল Jio ও T-Mobile
তবে নতুন সাশ্রয়ী মূল্যের স্বল্পমেয়াদী রিচার্জ প্ল্যানগুলি চালু করার নির্দিষ্ট কোনও তারিখ ট্রাই তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি। তাই, এই সিদ্ধান্ত টেলিকম কোম্পানিগুলিকেই নিতে হবে। আশা করা হচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই নতুন প্রিপেইড প্ল্যানগুলি লাইভ হয়ে যাবে, যেগুলোতে কম মেয়াদের সাথে শুধুমাত্র কল এবং এসএমএস-এর সুবিধা থাকবে। অর্থাৎ, আগামী দিনে যদি কেউ ৩০ দিনের মেয়াদের প্ল্যান চান এবং তার ডেটার প্রয়োজন না থাকে, তাহলে তিনি শুধুমাত্র ভয়েস ও এসএমএস-এর প্ল্যান বেছে নিতে পারবেন।










