সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ মে, শুক্রবার। ঝালমুড়ি বিক্রেতাকে প্রাণনাশের হুমকি, বিদ্যাঞ্জলি প্রকল্প, শিয়ালদা ডিভিশনে নতুন ট্রেন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) সুপ্রিম কোর্টে তিন মাস পিছল আইপ্যাক মামলা
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল তিন মাস। আসলে আজ শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সশরীরে উপস্থিত না থেকে ভার্চুয়াল মাধ্যমে সেখানে উপস্থিত থাকেন। এমতাবস্থায় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তাকে বলেন যে, সশরীরে আর ভার্চুয়াল মাধ্যমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে ইডির কাছ থেকে সমস্ত রিপোর্ট জমা নিয়ে মামলার শুনানির দিনক্ষণ বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি।
৯) বাংলাকে কেন্দ্রীয় জলশক্তি মিশনের ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে যেতেই বাজিমাত। কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে ৩৯ হাজার কোটি টাকা পাচ্ছে বাংলা। সূত্রের খবর, এবার রাজ্যের সমস্ত কেন্দ্রীয় স্বাস্থ্য কেন্দ্রের নাম বদলে আয়ুষ্মান মন্দির প্রকল্পে ফিরিয়ে আনা হবে। এমনকি গঙ্গাপাড়ের জেলাগুলোতে নমামি গঙ্গা প্রকল্পের কাজ আরও গতি পাবে। এছাড়া বিএসএফদের জমি দেওয়ার প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু করেছে রাজ্য সরকার। আজ প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
৮) ১৩৬ বছর পর কলকাতায় এয়ারপোর্ট থেকে সরছে বিতর্কিত মসজিদ
দীর্ঘ ১৩৬ বছর ধরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা ঐতিহাসিক সেই গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরের প্রক্রিয়া গতি পেয়েছে নতুন সরকারের আমলে। আসলে এতদিন যাবত এই মসজিদের কারণে বিমান ওঠানামাতে বিভিন্ন রকম সমস্যা হতো। কোনও রানওয়ে থেকে কোনও স্থায়ী কাঠামোর ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হওয়া দরকার। তবে সেই মসজিদ বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের থেকে মাত্র ১৬৫ মিটার উত্তরে আর বিমানবন্দরের সীমানার প্রাচীরের ১৫০ মিটারের মধ্যেই অবস্থিত। আগের সরকারদের বলেও কোনওরকম সমাধান হয়নি।
৭) রাজ্যে চালু হল বিদ্যাঞ্জলি প্রকল্প
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার রাজ্য চালু হয়েছে বিদ্যাঞ্জলি প্রকল্প। জানা গিয়েছে, এই প্রকল্পটি কেন্দ্র সরকারের কিন্তু। এবার বেসরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে তা চালু হচ্ছে। স্কুলের উন্নয়নের স্বার্থে এই বিশেষ প্রোগ্রামে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যে কোনও সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে। এখানে ক্যারিয়ার গাইডেন্স সহ বিভিন্ন রকম পরিষেবামূলক কাজে যুক্ত থাকার সুযোগ পাবে স্বেচ্ছাসেবকরা। এমনকি স্কুলের বেঞ্চ থেকে শুরু করে কম্পিউটার, খেলাধুলার সরঞ্জাম বা ডিজিটাল সরঞ্জাম দেওয়া হবে।
৬) ঝাড়গ্রামে ঝালমুড়ি বিক্রেতাকে বোম মারার হুমকি পাকিস্তান, বাংলাদেশের
ভোটের প্রচারে এসে বাংলায় ঝাড়গ্রামে এক ঝালমুড়ির দোকানদারের কাছ থেকে ঝালমুড়ি কিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার সেই ঝালমুড়ি বিক্রেতাকেই পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ থেকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, লাগাতার ভিডিও কল আসছে পাকিস্তান থেকে। আর ফোন ধরতেই ওপর প্রান্ত থেকে অপরিচিত ব্যক্তিরা তাকে অস্ত্রশস্ত্র দেখাচ্ছেন। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ থেকেও বেশ কিছু কল এসেছে তার ফোনে। এমনটাই দাবি করেছে তিনি।
৫) চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের দ্বিতীয় দফার কাজ শুরু
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ গতি পেয়েছে। প্রথম দিনেই প্রায় ৫০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। আরে দ্বিতীয় পর্বের কাজ শুরু হচ্ছে। আজ রাত আটটা থেকে আগামী সোমবার সকাল আটটা পর্যন্ত ট্রাফিক ব্লক করে এই চিংড়িঘাটা মেট্রোর কাজ সম্পন্ন হবে। এই ধাপে ৩১৮ নম্বর থেকে ৩৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ হবে। এমনকি প্রথম ধাপে ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারে গার্ডার বসানো হয়েছে।
৪) মাউন্ট এভারেস্টে জয় করে বন্দেমাতরম গাইলেন বিএসএফ মহিলারা
মাউন্ট এভারেস্ট জয় করে অসাধ্য সাধন করলেন বিএসএফের মহিলা দল। ২১ মে বৃহস্পতিবার সকাল আটটায় ভারতীয় পতাকা উড়িয়েছেন মহিলারা। আর সেই উচ্চতায় দাঁড়িয়েই বন্দেমাতরম গান গেয়ে নজর কেড়েছেন বিএসএফের সেই নারী শক্তি। সবথেকে বড় ব্যাপার, এই চারজন মহিলা কনস্টেবলের মধ্যে পশ্চিমবঙ্গের কনস্টেবল মুনমুন ঘোষও রয়েছেন। আর যেখানে দাঁড়িয়ে অক্সিজেন ছাড়া শ্বাস নেওয়া বিরাট চ্যালেঞ্জ, সেখানে তাদের এই অসাধ্য সাধন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদেরকে কুর্নিশ জানিয়েছেন।
৩) সোনা পাপ্পু কাণ্ডে ফের তল্লাশি ইডির
সোনা পাপ্পু কাণ্ডে আবারও ইডি তল্লাশি শুরু হল। সূত্রের খবর, আজ সাতসকালে জমি জালিয়াতি মামলায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। পার্ক সার্কাস থেকে শুরু করে বালিগঞ্জ, ভবানীপুরে ইডি এর টিম পৌঁছয় আর ভবানীপুরের আশু বিশ্বাস রোডে প্রোমোটার আতুল আটারিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এমনকি কলকাতা পুলিশের প্রাক্তন ডিজিপি শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসে। সেই তথ্যের ভিত্তিতেই আজ অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
২) শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ নতুন ট্রেন
ফের শিয়ালদা ডিভিশনে যুক্ত হল একগুচ্ছ ট্রেন। এবার শিয়ালদা–লালগোলা শাখায় যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য স্পেশাল লোকাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। জানা গিয়েছে, আগামী ২৫ মে ০৩১১৯ শিয়ালদা–লালগোলা শাখায় একটি স্পেশাল ট্রেন চলবে। আর এটি শিয়ালদহ স্টেশন থেকে দুপুর ৩:২০ মিনিটে ছাড়বে। যাত্রাপথে দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি জংশন হয়ে ট্রেনটি রাত ১০:০৮ মিনিটে লালগোলা ঢুকবে। অন্যদিকে ফিরতি পথে ০৩১২০ লালগোলা থেকে ভোর ৪:৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে।
১) সরকারি কর্মচারীদের জন্য নতুন বিজ্ঞপ্তি রাজ্যের
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ফের সরকারি কর্মচারীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করা হল। বুধবার এমনিতেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে সরকারি কর্মচারীরা অনুমতি ছাড়া কোনও রকম মুখ খুলতে পারবে না। আর এবার আজ নয়া বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সরকারের নিয়মিত দপ্তরগুলির আধিকারিক ও কর্মচারীরা সংবাদ মাধ্যম বা সমাজমাধ্যমে মন্তব্য করতে পারবে না। এমনকি নিয়ন্ত্রিত বোর্ড, পুরসভা, পুর নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থারাও আওতায় থাকবে। তবে নির্দেশিকায় শিক্ষাক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে।









