সহেলি মিত্র, কলকাতাঃ তীব্র গরমে যেন বাংলা হিট চেম্বারে পরিণত হয়েছে। জেলায় জেলায় তাপপ্রবাহের (Heat Wave) মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝেমধ্যে বৃষ্টি, দমকা হাওয়া দিলেও স্বস্তি তো মিলছেই না, বরং আরও গরম লাগছে। যাইহোক, আবহাওয়া অফিসের মতে, এখনই বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন স্বস্তি নেই। আজ সোমবার কিছু জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, এবং উত্তর ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের আরো কিছু অংশে আন্দামান দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে কিছু অংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এরই সঙ্গে উত্তর পূর্ব বিহারের অপুর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অনুকূল বায়ুপ্রবাহের ধরন এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তরবঙ্গে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আবহাওয়া অফিসের মতে এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবারের কথা বললে এদিন দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বললে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।










