রবি থেকেই নিম্নচাপের দাপট! দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ জোড়া ঘূর্ণাবর্তের মাঝেই ফের তৈরি হতে পারে নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (Weather Today), উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ এলাকা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর ফলে নতুন সপ্তাহ থেকেই ফের একবার আকাশ কাঁপানো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলায়। আজ রবিবার ছুটির দিন থেকেই শুরু হয়ে যাবে সম্ভাব্য নিম্নচাপের দাপট। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হল ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলার আবহাওয়া একপ্রকার দফায় দফায় পাল্টি খাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে মৌসুমি অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এলাকার প্রভাবে বাংলায় আবারও বৃষ্টি শুরু হবে। বুলেটিন অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অন্দরে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় একই জায়গায় একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে অমৃতসর, নাজিবাবাদ, হারদোই, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার নিম্নচাপ এলাকা কেন্দ্র, জামশেদপুর, দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ০.৯ কিমি পর্যন্ত বিস্তৃত। উপরোক্ত আবহাওয়াজনিত পরিস্থিতির প্রেক্ষিতে, ২৩-২৪ আগস্ট, ২০২৬ তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এক-দুইটি স্থানে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে এদিন থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।