শক্তিশালী ঘূর্ণাবর্তের দাপটে অত্যাধিক ভারী বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে বাঁধভাঙা বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার দৌলতে দুর্যোগে জেরবার হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। শ্রাবণ মাস যেখানে শেষ হতে চলেছে, সেখানে বর্ষার দাপটও যেন পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি এমনটা হবে বলে। আপাতত ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই কমবেশি মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, দিল্লি, লখনউ, পাটনা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত। এছাড়া উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে আজ থেকে আগামী ৫ আগস্ট উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির, এমনকি কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের  আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পঙ এবং কোচবিহার জেলায়। এর পাশাপাশি ভারী বৃষ্টি চলতে পারে উত্তর দিনাজপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় মারাত্মক ধস নামার আশঙ্কা রয়েছে। এছাড়াও নদীগুলির  জল বিপদসীমার ওপর বইতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ হেলমেট পরে বাইক, সিটবেল্ট লাগিয়ে ড্রাইভ করলেই ৫০০ টাকা! অভিনব উদ্যোগ বাংলায়

আগামীকালের আবহাওয়া

বুধবার অর্থাৎ আগামীকালের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টি চলবে হাওড়া, কলকাতা, দুই মেদিনীপুর জেলাতেও।