তৈরি থাকুন, দক্ষিণবঙ্গের ৯ জেলায় ধেয়ে আসছে ভারী দুর্যোগ, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার পাল্টি খেল বাংলার আবহাওয়া (Weather Todaye)। একদিকে যখন গরম ছোবল মারতে শুরু করেছিল তখন আচমকা শুরু হওয়া ঝড় ও বৃষ্টি সব বদলে দিল। গতকাল মঙ্গলবারের পর আজও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জেলায় জেলায় মারাত্মক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই দিকে দিকে বানভাসি হয়ে গিয়েছে। কলকাতা, হাওড়া সহ নানা জেলার নিচু এলাকাগুলি জলের তলায় ডুবে গিয়েছে। এরপর আজ বৃষ্টি হলে সে জলযন্ত্রণা আরও বেশ খানিকটা বাড়তে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। গতকালের পর আজ বুধবারেও শক্তিশালী বজ্রগর্ভ মেঘের কারণে তুমুল দুর্যোগ চলবে কলকাতা সহ জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ব্যাপক ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখাটি এখন উত্তর রাজস্থান থেকে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর বিহার থেকে উত্তর উপকূলীয় ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি এখন স্থান পরিবর্তন করে উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ এবং ওড়িশা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে নতুন করে বলার কিছু নেই। সেখানে সক্রিয় মৌসুমি বায়ুর জেরে প্রবল বৃষ্টিপাত চলছে। আজও যেমন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বৃষ্টিপাত চলবে বাদবাকি জেলাগুলিতেও।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিনও ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে বৃহস্পতিবার থেকে আবারও ঝড় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হিয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃষ্টিপাত চলবে বাদবাকি জেলাগুলিতেও।