সাবধান! ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৩ জেলায়, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: পুজোর মুখে ফের একবার দুর্যোগের কবলে সমগ্র বাংলা। হঠাৎ করে প্রবল বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্মুখীন হয়েছে কলকাতা সহ একের পর এক জেলা। আপাতত গোটা সপ্তাহজুড়ে দুর্যোগের কারণে জেরবার হতে পারে পশ্চিমবঙ্গ, এমনই পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার তো আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির (Weather Today) পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার মোটের উপর দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে দুর্যোগের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, ঝাড়খণ্ড ও আশপাশের এলাকার উপর থাকা ঘূর্ণাবর্তটি এখন দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও উপ-হিমালয় পশ্চিমবঙ্গ থেকে কোঙ্কণ ও গোয়া পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি এখন উপ-হিমালয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিদর্ভ, মারাঠাওয়াড়া এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের উপর দিয়ে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে।

এর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরেকটি নিম্নচাপ অক্ষরেখা এখন উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার উপর দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায়।

আরও পড়ুন: মহালয়াতেও ভারী বৃষ্টি! সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী

আগামীকালের আবহাওয়া

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিমবঙ্গের কথা বললে, এদিন নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।

google button