মহালয়াতেও ভারী বৃষ্টি! সিঁদুরে মেঘ দেখছেন বঙ্গবাসী

Published:

Mahalaya Weather

সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট পাল্টি খেল বাংলার আবহাওয়া। বর্ষা বিদায়ের বদলে নতুন করে দুর্যোগ শুরু হল কলকাতা সহ একাধিক জেলায়। তবে কি এখনই বর্ষা পাত্তারি গোটাচ্ছে না বাংলা থেকে? মহালয়া (Mahalaya Weather) থেকে শুরু করে দুর্গাপুজোতেও এরকম বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে? এখন সেই প্রশ্নই তুলছেন আমজনতা।

মহালয়াতেও বৃষ্টিতে ভাসবে বাংলা?

আর তিনদিন পরেই রয়েছে মহালয়া। অর্থাৎ পুজো এসেই গেল। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। কিন্তু বাংলার আবহাওয়া ভালো হওয়ার যেন নামই নিচ্ছে না। একদিকে যখন দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় নিয়ে নিয়েছে বা প্রক্রিয়ায় রয়েছে, তখন পশ্চিমবঙ্গে দফায় দফায় ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকেই কয়েক দফায় বৃষ্টি হয়ে গিয়েছে। একটানা বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। কলকাতায় তো আবার বিশাল গাছ ভেঙে পড়েছে, যার ফলে যানজটের সৃষ্টি হয়। আরও কি বৃষ্টি আসছে? এই নিয়ে বড় তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে মহালয়াতে কেমন আবহাওয়া থাকবে সে বিষয়েও আপডেট সামনে এসেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মহালয়া পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আজ সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী কয়েক ঘণ্টায় কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এর জেরে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আচমকা বিভিন্ন জায়গায় বজ্রমেঘের সঞ্চারের জেরে প্রচুর বৃষ্টির সম্ভাবনা।

ভারী বৃষ্টি চলবে

বৃহস্পতিবারও আবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। এদিন দুর্যোগের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়া বৃষ্টিপাত চলবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায়।

আরও পড়ুনঃ রোপওয়েতে মাত্র ৪৫ মিনিটেই কার্শিয়াং থেকে দার্জিলিং! কবে হবে চালু?

উল্লেখিত জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সর্তকতা। অন্যদিকে এদিন হাওড়া, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google button