ঘূর্ণাবর্ত-নিম্নচাপ অক্ষরেখার জেরে তুমুল দুর্যোগের আশঙ্কা ৯ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আবহাওয়াবিদদের পূর্বাভাস। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে টানা ঝড় বৃষ্টির কারণে গরম উধাও হয়ে তাপমাত্রা কমে গিয়েছে। সেইসঙ্গে ফিরেছে স্বস্তি। রুক্ষ মাটির মধ্যে যেমন বৃষ্টি পড়লে সব শান্ত হয়ে যায়, বাংলার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। আজ শনিবারও বাংলাজুড়ে ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Today)। তাই আর দেরি না করে জেনে রাখুন সারাদিন বাংলার আবহাওয়া কোনদিকে কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ শনিবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ শনিবার ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা শহরেও।

কেন এরকম আবহাওয়া? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে মধ্য পাকিস্তানের ওপর অবস্থানকারী ঘূর্ণবাত থেকে রাজস্থান মধ্যপ্রদেশ ও উত্তর ছত্তিশগড় অতিক্রম করে অভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিমী বায়ু প্রবাহে অবস্থিত নিম্নচাপ অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় এখন অবধি বজায় রয়েছে। এছাড়া পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া হাল-হকিকত সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছু জেলা হালকা থেকে মাঝারি পরিমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ জুন অবধি এরকমই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে তারপর থেকে ফেরে একবার ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে বাংলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।