পুজোর মুখে অশনি সংকেত! দুশ্চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির মেজাজ, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে চলছে মণ্ডপ সজ্জার কাজ কিন্তু এসবের মাঝে বৃষ্টি (Rain) নিয়ে মহাচিন্তায় পড়েছে রাজ্যবাসী। তার কারণ মহালয়ার আগে বাংলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টির দুর্যোগ। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামীকাল (Weather Tomorrow) অর্থাৎ মহালয়ার আগের দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাই কোথাও বেরোনোর আগে অবশ্যই চেক করে নিন আবহাওয়ার আপডেট।

বাড়ছে দুর্যোগ

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা এবং উত্তরবঙ্গের উপরে থাকা কয়েকটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে পূর্ব ভারতে। তার সঙ্গে মধ্য ও দক্ষিণ ভারতের উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাও আবহাওয়ায় প্রভাব ফেলছে। আর তাতেই পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বৃষ্টি সব জায়গায় সমান হবে না, কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে নামতে পারে জোরালো বৃষ্টি তো কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। অর্থাৎ আজকের আবহাওয়াও বৃষ্টিমুখর থাকবে। আগামীকালও থাকবে একই পরিস্থিতি।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এক-দু’জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে আগামী শনিবার অর্থাৎ মহালয়ার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: ১২৫ দিনের কাজে পিছিয়ে হাজার পঞ্চায়েত, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে এক-দু’জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির ও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে রবি ও সোমবার উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

google button