প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মুখে ফের আবহাওয়ার বড় পরিবর্তন, ছুটির দিনেও কেনাকাটায় বাধা হয়ে দাঁড়াতে চলেছে বৃষ্টি (Rain)। আগামীকাল, রবিবার (Weather Tomorrow) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। তাই ছুটির দিনে কোথাও বেরোনোর পরিকল্পনা করলে আগে জেনে নিন আগামীকালের আবহাওয়া রিপোর্ট।
বেজে গিয়েছে দুর্গাপুজোর বাদ্যি, হাতে বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে মৌসুমি বায়ু। কিন্তু তার আগে বৃষ্টি এখনই কমছে না। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি সতর্কতা। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। মাঝেমধ্যে রোদের তাপ অনুভূত হলেও বেলা বাড়তেই কালো মেঘের আনাগোনা দেখা যাবে আকাশে। আগামীকাল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে। তবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: মহালয়া নয়, সপ্তমীতে রাজ্যে আসছেন মোদি! বেলুড় মাঠে কুমারী পুজো দেখবেন প্রধানমন্ত্রী
কলকাতায় আগামীকালের আবহাওয়া
সকাল থেকেই ঝলমলে রোদ দেখা যাবে কলকাতার আকাশে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ রাজ্যে। তবে বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে কলকাতার কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বেরোনোর আগে অবশ্যই ছাতা ব্যবহার করুন।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে আগামীকাল, রবিবার দার্জিলিং-সহ উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং পরিষ্কার আবহাওয়া থাকতে পারে।










