কিছুক্ষণেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে (South Bengal) গরম-অস্বস্তি যেন ধীরে ধীরে ভয়ংকর রূপ ধারণ করে চলেছে। সূর্যের প্রখর তেজ এবং আর্দ্রতা জনিত তীব্র অস্বস্তি রীতিমত কালঘাম বের করে দিচ্ছে রাজ্যবাসীর। বিকেলের দিকে মেঘ জমলে বা দু-এক পশলা বৃষ্টি (Rain) হলেও গরম যেন আরও বাড়ছে। এদিকে উত্তরবঙ্গে সম্পূর্ণ আলাদা আবহাওয়া। জানা গিয়েছে আগামী কয়েকদিন (Weather Tomorrow) তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান ও নিকোবরের কিছু অংশে পৌঁছে গিয়েছে। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে আন্দামান সাগরের আরও বিস্তীর্ণ এলাকায় সক্রিয় হবে মৌসুমি বায়ু। অন্যদিকে আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। কলকাতায় এ সপ্তাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা রয়েছে। তবেই অস্বস্তিকর গরমের মধ্যেও হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত পাওয়া গিয়েছে। জানা গিয়েছে আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৪০-৫০ কিমি বেগে তুমুল ঝড়। আর তাতে সাময়িকের জন্য স্বস্তি মিলবে।

আরও পড়ুন: জুন মাসেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, আবেদনে কী কী নথি লাগবে? জানুন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে অসহ্য গরম থাকলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে সম্পূর্ণ আলাদা আবহাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসলে উত্তর-পূর্ব বিহারের ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি বায়ুর জেরে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ছে। আগামী বুধবার পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি বজায় থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।