সহেলি মিত্র, কলকাতাঃ ঘূর্ণাবর্ত এবং একাধিক সিস্টেমের ফলে দফায় দফায় দুর্যোগ চলছে বাংলায়। কী দক্ষিণবঙ্গ, কী উত্তরবঙ্গ, প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট চলছে সবর্ত্র। যদিও গরম কিন্তু কমছে না। যতক্ষণ বৃষ্টির প্রভাব থাকছে আবহাওয়া ঠান্ডা থাকছে, তারপর সেই চেনা গরম। কবে পরিস্থিতি ঠিক হবে? আজ মঙ্গলবারও কি ঝড় বৃষ্টি চলবে? এই নিয়ে মুখে মাছির ঢোকার মতো পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আসলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। যার প্রভাবে আপাতত ব্যাপক দুর্যোগ চলবে বাংলায় বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ব্যাপক দুর্যোগের জন্য উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়া অফিসের মতে, গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমী নিম্নচাপ বলয়টি এখন পাঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তর প্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্য ট্রপোস্ফিয়ারের পশ্চিমী বায়ুপ্রবাহ একটি নিম্নচাপ অক্ষরেখা যার অক্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় বর্তমানে প্রায় ৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এবং ২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থান করছে। এছাড়া পূর্ব পশ্চিম অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ ও সিকিম এবং অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
বুধবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? উত্তরবঙ্গের কথা বললে, নতুন মাসের শুরুতেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া বৃষ্টির দাপ অব্যাহত থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।










