সহেলি মিত্র, কলকাতাঃ দুর্যোগহীন আবহাওয়া দেখে মন খারাপ দক্ষিণবঙ্গবাসীর? তাহলে চিন্তা নেই, কারণ আগামী আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে মরশুমের শক্তিশালী বৃষ্টি সহযোগে বজ্রপাত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুলাই থেকে ১৩ জুলাই-এর মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির ভ্রূকুটি তৈরি হয়েছে বাংলায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দুর্যোগে ভরপুর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও চলছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। আজ বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্র, ঝাড়খন্ড এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। এছাড়া উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি সিস্টেম বর্তমানে উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি গুজরাট উত্তর পুরো মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত এবং বিহারের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে শুক্রবার হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।










