সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বাংলায়। সেইসঙ্গে গুমোট একটা গরমও রয়েছে। প্রশ্ন উঠছে, আবার কি সেই গতকালের মতো আজ বুধবারেও হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে? দুর্যোগের তেমন তীব্রতা সম্পর্কে হাওয়া অফিস না জানালেও (Weather Update) কিছুক্ষণের মধ্যে বৃষ্টি ধেয়ে আসছে সে বিষয়ে নিশ্চিত করা হয়েছে। আপনিও যদি বাড়ির বাইরে থেকে থাকেন বা বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।
কলকাতা সহ একাধিক জেলায় ফের বৃষ্টির ভ্রূকুটি
মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বানভাসি হয়ে গিয়েছিল বাংলার বেশিরভাগ জেলা। তবে সবথেকে বেশি ঝড় ও বৃষ্টিতে কাবু হয়েছে কলকাতা শহর। জায়গায় জায়গায় জল জমে গিয়েছে, সেইসঙ্গে গাছ পড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন থেকে আবারও আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়ও।
সব জায়গায় বৃষ্টি হবে এমন কিন্তু নয়। কোথাও কোথাও মেঘলা আকাশ ও দমকা হাওয়ার সঙ্গে সাময়িক বৃষ্টির দেখা মিলতে পারে, আবার অনেক এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন ও রৌদ্রজ্জ্বল আবহাওয়াও বজায় থাকতে পারে। ফলে ভয় পাওয়ার বা খুশি হওয়ার এখনই খুব একটা দরকার নেই। তবে ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন কোথাও বেরনোর হলে। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে সাথে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। বৃষ্টির সময় সাময়িক স্বস্তি হলেও ভ্যাপসা গরম বৃষ্টি কমলে ফিরে আসবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক দুপুর বা বিকেলের দিকে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে শুক্রবার থেকে আরও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।










