সহেলি মিত্র, কলকাতাঃ একই ঘটনার পুনরাবৃত্তি! গতকালের মতো আজ শুক্রবারও বেলা হতেই শুরু হল বজ্রবিদ্যুৎ। মুহুর্মুহু বাজের কারণে কানে তালা লেগে যাওয়ার জো হয়েছে সকলের। আকাশের মুখ ভার, কালো হয়ে রয়েছে। এটা আর বলার অপেক্ষা রাখে না যে ব্যাপক বৃষ্টি (Weather Update) ধেয়ে আসছে কিছুক্ষণের মধ্যে। বিভিন্ন আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস জারি করা হয়েছে, আগামী কিছু সময়ের মধ্যেই বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত শুরু হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়।
প্রবল বজ্রপাত সহযোগে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে
পূর্বাভাস অনুযায়ী, দুপুর হতেই কলকাতা সহ গাঙ্গেয় জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ধারা শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোথাও কম কোথাও ভারী বৃষ্টি বজ্রপাতের দাপট চলবে। আজ যখন বিশ্বকর্মা পুজোর আনন্দে মাতোয়ারা সকলে, তখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সকলের সব আনন্দ ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আজ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগণা জেলায়।
আরও পড়ুনঃ দাঁড়াবে ২২ কোচের ট্রেন, ২টি নতুন প্ল্যাটফর্ম! বদলে যাচ্ছে হাওড়া স্টেশনের চেহারা
বিশেষ করে কিছুটা সময়ের জন্য প্রবল বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। যা ইতিমধ্যে বহু জায়গায় শুরু হয়ে গিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির স্থায়ীত্ব ৩০ মিনিট থেকে ২ থেকে ৩ ঘণ্টা অবধি থাকতে পারে বলে আশঙ্কা। এহেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা মাঠে গিয়ে বা বাড়ির ছাদে আকাশে ঘুড়ি ওড়ানো থেকে অবশ্যই বিরত থাকুন, নইলে বিপদ ঘটতে পারে। এদিকে আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও করছেন বেশ কিছু আবহাওয়াবিদ। আন্দামান সাগর ও তৎসংলগ্ন অঞ্চলের উপর আগামী ১৯–২০ সেপ্টেম্বরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে সিস্টেমটি আরও সংগঠিত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আজ আবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দু’দিন। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে খবর।










