নিম্নচাপের পরেও দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, আজকের আবহাওয়া

Published:

Weather today

সহেলি মিত্র, কলকাতাঃ শুষ্ক আবহাওয়া (Weather Today) ও তীব্র গরমের দাপট শুরু হয়েছে বাংলাজুড়ে। কিছু কিছু জেলায় তো আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আপাতত তেমন বাংলায় তেড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবার একেবারে কিন্তু মেঘমুক্ত আকাশ থাকবে না বাংলার। বৃষ্টি হবে। সে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ চলবেই। যাইহোক, অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আর কত গরম বাড়বে? বৃষ্টি কি একেবারেই হবে না? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজও তাপমাত্রা উর্ধ্বমুখীই থাকবে। অত্যন্ত গরম এবং আদ্রতা ভরা আবহাওয়া থাকার জন্য পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রীতিমতো তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে খবর। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহের মাঝামাঝি নাগাদ কলকাতায় দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর অবধি বিস্তৃত যা উত্তর পূর্ব বিহারের ওপর অবস্থানরত ঘূর্ণাবরত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং বাংলাদেশ অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে। সেইসঙ্গে নিম্ন ট্রপোস্ফেরিক স্তরে প্রধানত শুষ্ক পশ্চিমী থেকে উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি বিরাজ করার আরও প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। দক্ষিণবঙ্গে ব্যাপক গরম থাকলেও বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জানা গিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জায়গাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা আছে।

আগামীকালের আবহাওয়া

বুধবার থেকে আবার কিছুটা হলে স্বস্তির বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উল্লেখিত জেলাগুলিতে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। সেইসঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।