একটু পরেই আবহাওয়া বদল, কলকাতা সহ ৮ জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: চাঁদিফাটা গরমে হাল বেহাল সকলে। একটু ঝড় বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সকলে। গত কয়েকদিনের গরমে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়ার জো সকলের। আজ শনিবার সকাল থেকেই আকাশে ভালো রোদ। সেইসঙ্গে প্লালা দিয়ে রয়েছে গরমও। তবে চিন্তা নেই, কারণ বিকেল বা সন্ধের দিকে আবারও আবহাওয়া বদলের (Weather Update) ইঙ্গিত দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি, সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বিকেলে বা সন্ধের মধ্যে তুমুল ঝড় জলের আশঙ্কা

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বিকেল থেকে আগামী কয়েকদিন আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। মূলত কিছু ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল বা সন্ধের দিকে শহরের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে।  বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলী, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক বিকেলের দিকে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ বিকেলের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে আইএমডি-র তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ছয়টি ঘূর্ণাবর্ত এবং একটি পশ্চিমা ঝঞ্ঝা সক্রিয় থাকায় বেশ কয়েকটি রাজ্যে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তগুলি দক্ষিণ রাজস্থান, পূর্ব রাজস্থান, মধ্য উত্তর প্রদেশ, উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের পাশাপাশি উত্তর-পূর্ব বিদর্ভের উপর অবস্থান করছে। এগুলির ফলে দেশের বহু রাজ্যে প্রবল দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ১৬ থেকে ১৮ মে-র মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমেও বজ্রসহ বৃষ্টিপাত, বিদ্যুৎ চমক ও প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে।