তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণবঙ্গে ৭ জেলায় স্বস্তির বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন সকাল থেকে প্রখর রোদ এবং অস্বস্তি গরমে রীতিমত নাভিশ্বাস উঠেছে সকলের। কিন্তু গতকাল সন্ধ্যে হতেই আচমকা বদলে গিয়েছিল আবহাওয়া। সন্ধ্যের পরই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় শুরু হয়েছিল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত। আসলে আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং বিহার-উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এতে আগামী কয়েক দিন (Weather Tomorrow) গরম একদমই কমবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে (North Bengal) একদিকে যখন টানা প্রবল বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত তখন নির্ধারিত সময়েই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে বর্ষা। তাই আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। যদিও পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে সেই নিয়ে এখনো কোনো আপডেট দেয়নি হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গে গরমের দাপটে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। গতকাল, শুক্রবার খানিক বৃষ্টি হলেও স্বস্তি যেন কমেনি। আশঙ্কা করা হচ্ছে আগামী বেশ কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তার সঙ্গে বাড়বে তাপমাত্রা। এক ধাক্কায় ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে বৃষ্টি হলেও নামবে না পারদ।

আরও পড়ুন: CAA-তে আবেদন না করলে বন্ধ হতে পারে রেশন! বড় বয়ান খোদ খাদ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ভাবসা গরমে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস অবস্থা হলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আশঙ্কা করা হচ্ছে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে সেখানে।