প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের তপ্ত গরমের মাঝেই ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল (Weather Tomorrow), রবিবার। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে উত্তরের জেলাগুলিতে (North Bengal)। যার ফলে অনেকটাই কম থাকবে তাপমাত্রা।
রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় প্রতিদিনই কালবৈশাখীর তাণ্ডব দেখা যাচ্ছে বেশ কিছু জেলাতে। তবে এই দুর্যোগ স্থায়ী থাকবে বেশ কিছুদিন। কারণ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল রবিবার এবং সোমবার, এই দু’দিন বৃষ্টির তেজ এবং ঝড়ের দাপট সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। রোদের দাপট অতটা থাকবে না বললেই চলে। বেলা গড়াতে না গড়াতেই বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পাশাপাশি বাকি জেলাগুলোতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে।
আরও পড়ুন: ‘শুধু একটি ওয়ার্ডই লিড পাবেন মমতা’ কোনটি? বড়সড় দাবি শুভেন্দুর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে দুর্যোগের পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামীকাল, রবিবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ১১০ মিলিমিটারও ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার দাপট থাকবে মালদা থেকে কোচবিহার সব জেলাতেই। বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।










