সহেলি মিত্র, কলকাতাঃ হাতের কাছে হেডফোন রয়েছে তো? নইলে বিপদে পড়তে পারেন। আসলে আজ বৃহস্পতিবার থেকে একদম কানে তালা ধরানো বজ্রপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় বৃষ্টি সঙ্গে কান ঝালাপালা করে দেওয়ার মতো বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় এই নিয়ে তো কমলা সতর্কতা (Weather Today) অবধি জারি করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ থেকেই প্রবল বজ্রবিদ্যুৎ সহ আকাশভাঙ্গা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, প্রবল বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির জন্য বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, হুগলী এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
আরও পড়ুনঃ দিঘার সৈকতের পাথরে লুকিয়ে স্বয়ং মৃত্যুদূত, পর্যটকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক
বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে। মৌসুমি অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠে এখন সৌরাষ্ট্র ও সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগরের ওপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র, দিসা, জয়পুর, আগ্রা, লখনউ, গয়া, সাগরদ্বীপের ওপর দিয়ে বিস্তৃত হয় সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওড়িশা অবধি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা খানিকটা কম থাকতে পারে। যদি এদিন কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।










