সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় আসার আগে সংকল্পপত্রে বিজেপি জানিয়েছিল যে, সরকার গঠন করতে পারলে বেকার যুবক-যুবতীদের যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকার বদলে যুবশক্তি ভরসা কার্ডে (Yuva Shakti Varosa Card) ৩০০০ টাকা করে দেওয়া হবে। তবে সরকার গঠন করে ইতিমধ্যেই অন্যান্য প্রতিশ্রুতিগুলি পালন করছে তারা। আর তারই মধ্যে এবার যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে ৩০০০ টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার (Government of West Bengal)। কিন্তু কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? জানুন।
বেকারদের মাসে ৩০০০ টাকা
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকার ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু করেছিল, যেখানে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। যদিও এক থেকে দুই মাস বেকারদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তারপর তাদের সরকারের পতন হয়। তবে সেই প্রকল্পকে টার্গেট করে বিজেপি বলেছিল, তারা ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে দেওয়া হবে, এবং নতুন প্রকল্পের নাম হবে যুবশক্তি ভরসা কার্ড। সেই সূত্রে সরকার গঠন করেছে বিজেপি। আর এবার খবর পাওয়া যাচ্ছে, আগামী জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি যুবশক্তি ভরসা কার্ড হয়তো চালু হতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। যেমন—
- তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়সসীমা হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- আবেদনকারীকে বর্তমানে বেকার থাকতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।
তবে যেহেতু এখনও অফিসিয়ালভাবে এই প্রকল্প সম্বন্ধে কিছু ঘোষণা করা হয়নি, তাই এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। যোগ্যতার মাপকাঠিতে এখন রাজ্য সরকার কোনও বদল আনে কিনা তার দিকে নজর থাকবে সকলের। কিন্তু হ্যাঁ, এই প্রকল্পে আবেদন করতে গেলে হয়তো আবারও সবাইকে নতুন করে আবেদন করতে হবে এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন: ধর্মের ভিত্তিতে কোনও প্রকল্প নয়, রাজ্যে বন্ধ হল ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা!
কীভাবে আবেদন করতে হবে?
মন্ত্রী অগ্রিমিত্রা পাল যেমনটা জানিয়েছেন, এই প্রকল্পে আবেদনের জন্য হয়তো নতুন অনলাইন পোর্টাল চালু করা হবে। সেখানে গিয়েই বেকার যুবক যুবতীরা তাদের ব্যক্তিগত তথ্য পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে পারবে। তবে আবেদন করার সময় অবশ্যই বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি ডকুমেন্টগুলি সঙ্গে রাখতে হবে।










