৮৫০ ‘পিএমশ্রী’ মডেল স্কুল বাংলায়, কোথায় কোথায়? তালিকা তৈরি রাজ্য সরকারের

Published:

PM Shri School West Bengal

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন যে, শীঘ্রই রাজ্যে গড়ে উঠবে ‘পিএমশ্রী’ মডেল স্কুল (PM Shri School) সেই মতোই এবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা ও পৌরসভা এলাকায় থেকে মোট ৮৫০টির মতো স্কুলকে নির্বাচন করা হয়েছে। এই স্কুলগুলির তালিকা আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে। কেন্দ্রের অনুমোদন পাওয়ার পরে ফান্ডিং আসলেই ‘পিএমশ্রী’ মডেল স্কুলের কাজ শুরু হবে। স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে, সাধারণত কেন্দ্র এই তালিকায় সম্মতি দেয়। তাই এক্ষেত্রেও আশা করা যায় যে অনুমোদন মিলবে।

পিএমশ্রী মডেল স্কুল শীঘ্রই তৈরি হবে রাজ্যে

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরেই রাজ্যকে নানা কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত করা শুরু হয়েছে। তার মধ্যে শিক্ষাক্ষেত্রে অন্যতম হল ‘পিএমশ্রী’ বা প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজ়িং ইন্ডিয়া মডেল স্কুল প্রকল্প। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত দুটি করে মডেল স্কুল তৈরি করতে হবে। পুরসভার ক্ষেত্রেও সংখ্যাটি এক। গত ১৫ মে দিল্লিতে কেন্দ্রের স্কুল শিক্ষামন্ত্রকের সঙ্গে পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দফতর একটি মউ (MoU) সই করছে। স্কুলশিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে, মউ-তে জাতীয় শিক্ষানীতি মেনে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য – উভয়পক্ষই সহমত প্রকাশ করছেন।

প্রসঙ্গত, ২০২২-২৩ সাল থেকে কেন্দ্রের সরকার চালু করে ‘পিএমশ্রী’ প্রকল্প। ২০২৭ সালের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে ১৪ হাজারের বেশি স্কুলকে এই পিএমশ্রী প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ শুরু করা হয়। লক্ষ্য ছিল রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুলকে ওই প্রকল্পের অন্তর্ভুক্ত করানো হবে এবং সেই স্কুলের সার্বিক বিকাশ করা হবে। পরিকাঠামো থেকে পঠনপাঠন পদ্ধতি – সব ক্ষেত্রেই মডেল হিসাবে পরিচিত হবে স্কুলগুলি। আশপাশের স্কুল পড়ুয়াদেরও সামগ্রিক বিকাশে সাহায্য করবে এই স্কুল। এই মডেল স্কুলের উন্নয়নের খাতে ২৭ হাজার কোটি টাকার বেশি বরাদ্দও করে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছিল, স্কুলগুলিকে মডেল হিসাবে তৈরি করার জন্য মোট টাকার ৬০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং ৪০ শতাংশ দেবে রাজ্য। কিন্তু শর্ত ছিল ওই মডেল স্কুলের নামের আগে যুক্ত করতে হবে ‘পিএমশ্রী’ শব্দবন্ধ। আর এখানেই আপত্তি তোলে বিগত সরকার।

স্কুলশিক্ষা দফতর জানিয়েছে যে, সেই সময় তৃণমূল সরকার যুক্তি দিয়েছিল যে, এই প্রকল্পে রাজ্যেরও অংশীদারিত্ব রয়েছে। তাই স্কুলের নামের আগে ‘পিএম’ যুক্ত করা কাম্য নয়। তাই এই প্রকল্প চালু করতে চাইনি প্রাক্তন সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরই এটা আশা করা যাচ্ছিল যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। গত ১৫ মে দিল্লিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষা দফতরের আধিকারিকেরা উপস্থিত থেকে এই পিএমশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গের নাম অন্তর্ভুক্ত করেছেন।

আরও পড়ুনঃ ফুঁসছে একাধিক ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় ১২,৩১০টি স্কুল এই প্রকল্পে যুক্ত হওয়ার উপযুক্ত বলে নির্ধারণ করা হয়েছিল। এরপর সেই সব স্কুলে পরিদর্শন করে সেখান থেকে স্কুলগুলিকে বেছে নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। স্কুলশিক্ষা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৮৫০টি স্কুলকে বেছে নেওয়া হচ্ছে। তালিকা তৈরির কাজ একদম শেষের দিকে। পিএমশ্রী মডেল স্কুলগুলিতে উন্নত পরিকাঠামোর সাথে শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে।