সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে চলতি মাসে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢুকবে। এমনকি আগের ধাপে যারা অন্নপূর্ণার সুবিধা পাননি, তাদের তথ্য যাচাই করেও এই মাসে সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে আজ অর্থাৎ ১৬ তারিখ থেকেই বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে বলেই খবর। আপনি পেয়েছেন কিনা চেক করুন এখনই।
আজ থেকেই ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা
আগস্ট মাসেও ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। বিগত মাসে পেয়েছিলেন প্রায় দেড় কোটি মহিলা। এই মাসে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান রাজ্য সরকারের। এমনকি একটি রিপোর্ট বলছে, চলতি মাসে মোট ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে। নতুন করে আরও ১০ লক্ষ মহিলা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্নপূর্ণা যোজনা দিবস অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে এই সমস্ত মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
তবে বেশ কিছু মহিলার দাবি, তাদের অ্যাকাউন্টে আজ অর্থাৎ ১৬ তারিখ থেকেই অন্নপূর্ণার টাকা ঢোকা শুরু হয়েছে। যদিও এই দাবির সত্যতা আমাদের পক্ষ থেকে যাচাই করা হয়নি। কিন্তু এমনটা একেবারে না হওয়ার কথাও নয়। কারণ, যাদের তথ্য আগে থেকেই যাচাই সম্পন্ন হয়েছে, তাদের অটোমেটিক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেই জানিয়েছিল রাজ্য সরকার, যদিও সেক্ষেত্রে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন: ‘আর থাকব না কংগ্রেসের সাথে’ জোট না করায় সিদ্ধান্ত কালীঘাট তৃণমূলের, জানালেন কল্যাণ
তাই যেহেতু আজ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে, তাই অবশ্যই নিজের ব্যাংক স্টেটমেন্ট একবার চেক করতে ভুলবেন না। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রির পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। সেখানে সেপ্টেম্বরের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তা দেখানো হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করে লগইন করতে হবে। কিন্তু উল্লেখ্য, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি বা আধার কার্ডের কোনও সমস্যা থাকে, তাহলে টাকা ঢুকতে বিলম্ব হতে পারে।










