সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাননি, এই দাবিতে বাংলাজুড়ে চলছে মহিলাদের বিক্ষোভ। বিভিন্ন জায়গার বিডিও অফিস, এসডিও অফিস কিংবা পৌরসভা ঘেরাও করছেন মহিলারা। যোগ্য হওয়া সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণার টাকা জমা পড়েনি। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে এই মাসে অর্থ সহায়তা করা হয়েছে। তবে সম্প্রতি বিষ্ণুপুর (Bishnupur) সমবায় সমিতি অফিসের সামনে অন্নপূর্ণার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এক মহিলা। এমনকি সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এবার সেই মহিলার বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ আমজনতার।
তৃণমূল কর্মী হয়ে লোক দেখানো আন্দোলন?
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিষ্ণুপুরের এক সমবায় সমিতির অফিসের সামনে রাস্তার উপর কান্নাকাটি করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ওই মহিলা। তাঁর একটাই অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। এমনকি তাঁকে বলতে শোনা যায়, “আমার স্বামী চলে গেছে। আমার এত বড় সর্বনাশ করে দিল। আমি সংসার চালাব কীভাবে? আমরা কেউ টাকা পাচ্ছি না। ভগবান এর বিচার করবে। আমার পরিবারে কেউ নেই। আমার মতো অসহায় কেউ নেই। এই পরিবর্তন আমরা চেয়েছিলাম? এই সরকার মানুষের ক্ষতি করছে। আমরা এই সরকার রাখব না।”
তবে সেই ভিডিও ভাইরাল হতেই ওই মহিলাকে ঘিরে একাধিক অভিযোগ আনছেন স্থানীয়রা। তাঁদের দাবি, আদতে ওই মহিলা একজন তৃণমূল কর্মী। রাজ্য সরকারকে ছোট করার জন্যই এরকম অভিনয় করেছেন তিনি। একজন লেখেন, “আমি জানি উনার সম্বন্ধে। উনার ছেলের জন্মদিন পালন করেছিলেন মদনমোহন গেস্ট হাউসে। এমনকি সেই অনুষ্ঠানে এমএলএ তন্ময় ঘোষ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ তৃণমূলের বড় বড় নেতাকে ইনভাইট করেছিলেন। তিনি একজন তৃণমূলের সক্রিয় সদস্য। উনার ছেলে ইঞ্জিনিয়ার। বাইরে চাকরি করে। মোটামুটি ৮০ হাজার টাকা স্যালারি। স্বামী রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। এনার অবস্থা সম্বন্ধে কিছু লিখব না।”
আরও পড়ুন: ফের অনেকটা বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট
এমনকি সবথেকে বড় ব্যাপার, যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেখানে তাঁকে দেখা গিয়েছে মাথায় সিঁদুর থেকে শুরু করে হাতে শাঁখা-পলা পরা। অথচ তিনি বলছেন, “আমার স্বামী মারা গিয়েছে।” এখানেও তৈরি হচ্ছে রহস্য। এমনকি একজন কমেন্ট করেছেন, “উনি যদি গরিব হন, যদি সংসার না চলে, তাহলে হাতে কীভাবে এতগুলি দামি আংটি পরে থাকেন? ওই মহিলা আসলে তৃণমূলের এজেন্ট।” অনেকেই আবার দাবি করছেন যে, মহিলার বাড়ি নাকি তিনতলা! যদিও এই দাবির সত্যতা আমরা যাচাই করিনি। শুধুমাত্র ভাইরাল ভিডিও, এবং স্থানীয় তথা নেট নাগরিকদের বক্তব্যের উপর ভিত্তি করেই এই প্রতিবেদনটি লেখা।










