বাড়ি থেকে উদ্ধার ভুরিভুরি ত্রাণের ত্রিপল, ফুটবল! গ্রেফতার পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক

Published:

Purbasthali

সৌভিক মুখার্জী, পূর্বস্থলী: তৃণমূল (Trinamool Congress) ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকেই একের পর এক ঘেরাটোপে পড়ছে দলটির বিধায়ক থেকে শুরু করে নেতা, কাউন্সিলর, চেয়ারম্যান সহ চামচারা। কোনও জায়গায় পৌরসভা থেকে বের হচ্ছে ত্রাণের ত্রিপল, কোনও জায়গায় পার্টি অফিস থেকেই ভুরি ভুরি জিনিসপত্র। এমনকি সাধারণ এলাকাবাসী গিয়েই সেগুলি উদ্ধার করে নিয়ে আসছে। আর টাকা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। পাটক্ষেতে মাটির নিচে পর্যন্ত কোটি কোটি টাকা পুঁতে রাখার মতো ঘটনাও সামনে এসেছে।

এবার আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। এমনকি তার সাথে উদ্ধার হয়েছে একাধিক ফুটবল। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী চুরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পূর্বস্থলী উত্তরের (Purbasthali) তৃণমূলের ওই প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, রবিবার সকাল থেকেই পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। আর সেখান থেকেই তাঁকে শেষমেশ গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

প্রশাসন যখন তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায় তখন তাঁদের চক্ষু একেবারে চড়ক গাছে ওঠে। দেখা যায় যে, ত্রাণের জন্য সরকার থেকে পাঠানো প্রচুর পরিমাণ ত্রিপল মজুদ করা রয়েছে তাঁর বাড়িতেই। এমনকি সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক ফুটবল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিলি না করেই সেগুলি নিজের কাছে রেখে দিয়েছেন ওই প্রাক্তন বিধায়ক। আর এগুলি বেঁচেই টাকা কামানোর ধান্দা ছিল তাঁর। যদিও বিষয়টি তদন্তের আওতায় নিয়েছে পুলিশ এবং তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি প্রাক্তন তৃণমূল বিধায়কের বিভিন্ন গোডাউনেও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, সেখানেও অবৈধ জিনিসপত্র লুকিয়ে রাখা হতে পারে।

আরও পড়ুন: রবিবারে সোনা, রুপোর দাম

কিন্তু এত সামগ্রী তাঁর বাড়িতে কীভাবে এল তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। কিন্তু গ্রেফতার করার পরই যখন তাঁকে গাড়িতে তুলতে যায় পুলিশ, তখন স্থানীয় জনতারা ক্ষুব্ধ হয়ে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। এমনকি উদ্ধার হওয়া সমস্ত ত্রাণ সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, এবং গোটা বিষয়টা তদন্তের আওতায় আনা হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হতে পারে।