ট্রেনের মতো সুবিধা! চালু হল আসানসোল-শিলিগুড়ি প্রিমিয়াম বাসে, জানুন রুট ও সময়সূচি

Published:

Asansol-Siliguri Bus

অনন্যা সরকার, কলকাতা: আসানসোল-দূর্গাপুর-বোলপুর-শিলিগুড়ি রুটে প্রথমবারের জন্য বায়ো টয়লেট ও অ্যান্ড্রয়েড টিভি সহ বাস পরিষেবা (Asansol-Siliguri Bus) চালু একটি বেসরকারি সংস্থা। এই প্রিমিয়াম ভলভো বাস দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে সফর করবে। যাত্রী স্বাচ্ছন্দের জন্য এই বাসে জলখাবার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড টিভি – একাধিক সুযোগ সুবিধা মিলবে। বলা বাহুল্য, ট্রেনের মতোই সুবিধা মিলবে বাসে। আসুন তাহলে এই বাসের রুট, সময়সূচী, সুযোগ-সুবিধাগুলি জেনে নেওয়া যাক। 

বায়ো টয়লেটের সাথে মিলবে একাধিক সুবিধা

আসানসোল-দূর্গাপুর-বোলপুর-শিলিগুড়ি রুটের গ্রীন লাইন সার্ভিসেসের প্রিমিয়াম 9600LX MULTI AXLE বাসটি যাবে ভায়া আসানসোল – রানীগঞ্জ পাঞ্জাবী মোড় – দুর্গাপুর সিটি সেন্টার – মুচিপাড়া – পানাগড় – ইলামবাজার – বোলপুর শ্রীনিকেতন মোড় – সিউড়ী বাসস্ট্যান্ড – রামপুরহাট –  নলহাটি – মোড়গ্রাম – ফারাক্কা – মালদা – গাজোল – ইটাহার – রায়গঞ্জ – ডালখোলা – কিষানগঞ্জ – ইসলামপুর – বাগডোগরা। 

আসানসোল থেকে এই বাস ছাড়বে সন্ধ্যা ৬:৩৫ মিনিটে, দূর্গাপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৭:৪৫ মিনিটে, বোলপুর থেকে ছাড়বে রাত ৯:০০ টায়। আবার, শিলিগুড়ি থেকে ছাড়বে সন্ধ্যা ৭:০০ টায়, শিব মন্দির থেকে ছাড়বে সন্ধ্যা ৭:৩০ টায়, বাগডোগরা থেকে ছাড়বে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে এবং ইসলামপুর থেকে ছাড়বে রাত ৮:১৫ মিনিটে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই অ্যাডভান্স ও এমার্জেন্সি সিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে অনলাইনের থেকে অফলাইনে টিকিটের দাম কিছুটা কম হতে পারে। 

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের নতুন লুকোনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন ‘তুরিয়ক’

আসানসোল-দূর্গাপুর-বোলপুর-শিলিগুড়িগামী এই প্রিমিয়াম বাসে যাত্রীরা উঠলেই পাবেন স্ন্যাকসের প্যাকেট ও জলের বোতল। সিটের পাশেই ইউএসবি চার্জিং পয়েন্ট মিলবে। অ্যান্ড্রয়েড টিভিও থাকছে তারসাথে, তাই বিনোদনে ছেদ পড়বে না। রাতে শোয়ার জন্য বালিশ ও কম্বলের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি, বায়ো টয়লেট থাকার ফলে যাত্রা আরও আরামদায়ক ও মসৃণ হবে।