আয়ুষ্মান ভারতের বয়স বন্দনা স্কিমের ফর্ম মিলছে জনকল্যাণ শিবিরে, কাদের জন্য? জেনে নিন

Published:

Ayushman Bharat

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে তিন দিনের জনকল্যাণ শিবির (Jana Kalyan Shivir)। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য যাবতীয় প্রকল্পের ফর্ম ফিলাপ খুব সহজেই করতে পারছে রাজ্যবাসী। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মিলছে। তবে এই শিবিরেই এবার প্রবীণ নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারতের বয়স বন্দনা স্কিমের ফর্ম, যেখানে ৭০ ঊর্ধ্ব নাগরিকরা আবেদন করতে পারছেন।

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছিলেন যে, কেন্দ্র সরকারের প্রকল্পগুলি এবার আস্তে আস্তে রাজ্যে বাস্তবায়িত হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের অনুমোদন দেন, এবং তার আবেদনও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এই আয়ুষ্মান ভারত পেতে গেলে অবশ্যই SPHH, PHH, AAY রেশন কার্ড দরকার। যাদের RKSY-I, RKSY-II কার্ড রয়েছে তারা আবেদন করতে পারবেন না। কিন্তু প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তারা যে কোনও রেশন কার্ড থাকলেই আবেদন করতে পারবেন। আর তাদের জন্যই এবার দেওয়া হচ্ছে বিশেষ ফর্ম।

রাজ্যজুড়ে যে সমস্ত জনকল্যাণ শিবির বসছে, সেখানেই মিলছে এই আয়ুষ্মান ভারত বয়স বন্দনা স্কিমের ফর্ম, যেখানে শুধুমাত্র ৭০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যেমন আধার এবং রেশন কার্ডের নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি বসাতে হচ্ছে। পাশাপাশি ২০২৬ সালের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিনা, এসআইআর ট্রাইবুনালে আবেদন করা হয়েছে কিনা বা সিএএ-তে আবেদন করা হয়েছে কিনা তাও জানতে চাওয়া হচ্ছে।

আরও পড়ুন: তৃণমূলে ব্যাপক রদবদল, কুণাল-রাজীবদের কাঁধে দেওয়া হল গুরুত্বপূর্ণ দায়িত্ব

বলে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় মোট পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা সুবিধা মেলে। ইতিমধ্যে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ৩৬ হাজার ১৯৩টি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং বেসরকারি হাসপাতালে রয়েছে এর মধ্যে ১৬ হাজার ৫৫৭টি। মুখ্যমন্ত্রী নিজেই জানান যে, ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত ৪৪ কোটি কার্ড বিতরণ করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকই এবার এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই তোড়জোড়ই শুরু করেছে এবার রাজ্য সরকার।