সহেলি মিত্র, কলকাতাঃ আরো অত্যাধুনিক হতে চলেছে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport)। উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে উড়ানপথে যাতায়াতের চাহিদা। রেল কিংবা সড়ক পথের মতো আকাশ পথে উত্তরবঙ্গে যাওয়ার সুবিধা কম। বাগডোগরা যাওয়ার একাধিক বিমান থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।এবার অচিরেই সেই অভাব দূর হবে।
আমূল বদলে যাচ্ছে বাগডোগরা বিমানবন্দর!
আগামী দিনে উত্তরের এই জরুরি বিমানবন্দর পেতে চলেছে একটি নতুন টার্মিনাল, যেটি আকারে হতে চলেছে বিরাট। বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালটি প্রায় ১০৫ একর জায়গার ওপর ৮১,২৮৬ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। পরিকল্পনামাফিক কাজ হলে এই নতুন টার্মিনালের বার্ষিক ১ কোটি যাত্রী পরিচালনার ক্ষমতা থাকবে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে টিম ইন্ডিয়ার হারের নেপথ্যে মূল ‘কালপ্রিট’ ৩ ভারতীয়
এই নতুন টার্মিনালে থাকতে চলেছে ৬টি অ্যারোব্রিজ, ৫৬টি চেক-ইন কাউন্টার, ৮টি ডিপার্চার ও ৮টি অ্যারাইভাল ভেস্টিবিউল এবং ৪টি ব্যাগেজ ক্যারোসেল। বিমান ওঠানামার জন্য পর্যাপ্ত জায়গা রাখার পাশাপাশি পার্কিংয়ের জন্যও করা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
কী কী সুবিধা থাকবে?
রিপোর্ট অনুযায়ী, পরিকল্পনার মধ্যে রয়েছে ১০টি এয়ারক্রাফট পার্কিং স্ট্যান্ড, অর্থাৎ একসঙ্গে ১০টি বিমান একই সময় দাঁড়াতে পারবে এবং ১,০০০টি গাড়ির জন্য ৪৩,৫৪৯ বর্গমিটারের একটি মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা। এছাড়া একটি ৫-স্টার GRIHA-রেটেড গ্রিন বিল্ডিং ডিজাইন করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।
আর এই খাতে জনপ্রিয়তা বাড়লে উত্তরবঙ্গে সার্বিকভাবে আর্থিক উন্নতি হবে বলেও আশা করা যায়। শুধু পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই নন, স্থানীয় দোকানদার, ছোট-বড় হোটেল ব্যবসায়ী, হোমস্টে মালিক এবং ট্যুরিস্ট গাড়ির চালকদের জন্যও চাহিদা আগামী দিনে বাড়বে বলে মনে করা হচ্ছে।










