সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার ইলিশপ্রেমীদের জন্য খারাপ খবর। আগেই ভারত থেকে ইলিশ (Hilsa Fish) আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এখন শোনা যাচ্ছে, চলতি বছর দুর্গাপুজোয় (Durga Puja 2026) বাংলাদেশের ইলিশ বাঙালির পাতে নাও পড়তে পারে। কারণ, এবারে পুজোয় ভারতে পদ্মার ইলিশ পাঠানোর কোনও ভাবনা আপাতত বাংলাদেশের নেই বলেই খবর।
পুজোয় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ?
সূত্রের খবর, চলতি বছর দুর্গাপুজোর সময়ে ভারতে মাছ নাও পাঠাতে পারে বাংলাদেশ। অর্থাৎ এই বছর হয়তো পদ্মার ভালো ইলিশ পাতে পড়বে না মাছপ্রেমী বাঙালির। আর এই ঘটনা যে সকলের কাছে বড় ধাক্কা, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত বছর বাংলাদেশ সরকার উৎসবের মরসুমের আগে ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।
সম্প্রতি বাংলার মৎস্য আমদানিকারক সমিতি ও হাওড়া পাইকারি মাছ বাজারের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বড় তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ হঠাৎ করে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে। ২৩ সেপ্টেম্বর একটি সার্কুলারের মাধ্যমে তাদের দেশের সব অনুমতিপত্র বাতিল করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ এ বছর ইলিশ আমদানির অনুমতি দিচ্ছে না।’
বিপাকে ব্যবসায়ীরা
ঐতিহ্যগতভাবে বাংলাদেশ (Bangladesh) বিশ্বের অন্যতম বৃহত্তম ইলিশ উৎপাদনকারী দেশ এবং বৈশ্বিক উৎপাদনের একটি বড় অংশের অধিকারী। সীমান্তের উভয় পারের বাঙালি রন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও এই মাছটি একটি গুরুত্বপূর্ণ অংশ। একাধিক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মৎস্য দফতরের তরফে ১০৩টি ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে অবশ্য বাংলাদেশের তারেক রহমান সরকারের তরফে কোনও বক্তব্য পেশ করা হয়নি।
গত কয়েক মাসে বাংলাদেশের প্রায় মাছ ব্যবসায়ীরা ৫৫০ টন ভারতীয় ইলিশ আমদানি করছিলেন। এই প্রথমবার এই মূল্যবান মাছটি উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থেকে যশোরের বেনাপোলে সীমান্ত অতিক্রম করছিল। যদিও আমদানি আচমকা বন্ধ করে দেওয়ার ফলে আগামী দিনে বড়সড় লোকসানের মুখে পড়তে হবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।










